৫ মে ২০২৬

শীতকালীন তীব্র ঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সপ্তাহান্তে ৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬, ১১:০০ পিএম
শীতকালীন তীব্র ঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে সপ্তাহান্তে ৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল

৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল

মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র শীতকালীন ঝড়ের আশঙ্কায় সপ্তাহান্তে ৯ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে শনিবার ও রোববার মিলিয়ে এসব ফ্লাইট বাতিল হয়।
সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করেছে আমেরিকান এয়ারলাইন্স শনিবার ও রোববার মিলিয়ে ১,৫৪৬টি। সাউথওয়েস্ট এয়ারলাইন্স বাতিল করেছে ১,২৪৩টি এবং ডেল্টা এয়ারলাইন্স বাতিল করেছে ৯১১টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর ও শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে অতিরিক্ত ৩ হাজার ফ্লাইট যুক্ত করা হয়েছে।
ডেল্টা জানায়, টেক্সাস ও দক্ষিণ-পূর্বাঞ্চলজুড়ে, এমনকি তাদের আটলান্টা হাব থেকেও এবং উত্তর-পূর্বাঞ্চলে যাওয়া বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে ডেল্টা বলেছে, উইন্টার স্টর্ম ফার্ন এগিয়ে আসায় আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী ফ্লাইট সূচি সমন্বয় করছি। ক্ষতিগ্রস্ত এলাকায় থাকা যাত্রীদের ঝড়ের আগে বা পরে বিনা খরচে ফ্লাইট পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে।
শনিবার সকাল পর্যন্ত ডালাস–ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরেই সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয় ৪৯টি বাতিল ও দুটি বিলম্বিত ছিল। ঝড়ের প্রভাবে ৯ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলেও জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার।
এসব বাতিল ও বিলম্বের ঘটনা ঘটছে এমন সময়, যখন নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১৪ কোটি মানুষ শীতকালীন ঝড় সতর্কতার আওতায় রয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক করে বলেছে, পূর্ব টেক্সাস থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভারী তুষারপাত ও ভয়াবহ বরফঝড় দেখা দিতে পারে।
আকুওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ২৪ থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে, আর বৃহৎ অংশজুড়ে ৬ থেকে ১২ ইঞ্চি তুষারপাতের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও ঝড়টি ৩৬ থেকে ৪৮ ঘণ্টা স্থায়ী হতে পারে।
কেন্দ্রীয় মেরিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়ার পূর্বাঞ্চল এবং ভার্জিনিয়ার উত্তরাংশে ভারী তুষারপাতের পাশাপাশি বরফ মেশার সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে ১২ থেকে ১৮ ইঞ্চি তুষার জমতে পারে। উত্তর-পূর্ব পেনসিলভানিয়া, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মধ্য ও পূর্বাঞ্চল এবং মধ্য নিউ ইংল্যান্ডেও অনুরূপ তুষারপাত হতে পারে, কিছু এলাকায় ১৮ থেকে ২৪ ইঞ্চি পর্যন্ত।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, দক্ষিণের সমভূমি, লোয়ার মিসিসিপি ভ্যালি, টেনেসি ভ্যালি, দক্ষিণ-পূর্বাঞ্চল ও মিড-অ্যাটলান্টিক অঞ্চলে ব্যাপক হিমবৃষ্টি (ফ্রিজিং রেইন) হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, ব্যাপক গাছ ভেঙে পড়া এবং অত্যন্ত বিপজ্জনক বা চলাচল অযোগ্য পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর লুইজিয়ানা, মিসিসিপির মধ্য ও উত্তরাংশ, দক্ষিণ টেনেসি ও দক্ষিণ অ্যাপালাচিয়ান অঞ্চলে কোথাও কোথাও এক ইঞ্চির বেশি বরফ জমার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ রকি পর্বতমালা ও সমভূমির দক্ষিণাংশ থেকে মিড-অ্যাটলান্টিক পর্যন্ত ১ থেকে ৩ ইঞ্চি স্লিট (বরফকণা) জমতে পারে, যা যাতায়াতে মারাত্মক প্রভাব ফেলবে এবং বহু স্থাপনা কয়েক দিন বন্ধ থাকতে পারে।
ইউটিলিটি কোম্পানিগুলোও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করছে। মধ্য-পশ্চিমাঞ্চলের কিছু অংশে মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উইন্ড চিল নামতে পারে, যা তীব্র ফ্রস্টবাইটের ঝুঁকি বাড়াবে। ঝড়ের সময় ও পরে তাপমাত্রা টিনস, এক অঙ্কে এবং শূন্যের নিচে নামতে পারে।
শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের বড় অংশে যে রেকর্ড ঠান্ডা ও ঐতিহাসিক শীতঝড় আঘাত হানবে, সে বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে। ফেমা সম্পূর্ণ প্রস্তুত।  তিনি জানান, প্রশাসন অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। তিনি লিখেছেন 'নিরাপদে থাকুন, উষ্ণ থাকুন'।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি