শীতের আমেজে দুধ চিতই
বাংলাপ্রেস ডেস্ক: ‘ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে
সারা রাতের স্বপন আমার মিঠেল রোদে হাসে।’
পল্লীকবি জসীমউদ্দীন তার ‘রাখাল ছেলে’ কবিতায় শীতকে এভাবেই ফুটিয়ে তুলেছিলেন। হেমন্তের স্নিগ্ধতা আর প্রাচুর্য নিয়ে বাংলার প্রকৃতি যখন সুখের আমেজে টইটুম্বুর ঠিক তখনই উত্তরের হাওয়ায় দোল কাঁপিয়ে আসে শীতকাল। গাছের শুকনো পাতা ঝরে পরার খেলা, চারদিকে সরষে হলুদ ফুলের ছড়াছড়ি, রোদ পোহানোর অপেক্ষা, আর নতুন ধানের পিঠা নিয়ে শীত বাঙ্গালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। নতুন ধানের চাল দিয়ে তৈরি হয় পিঠাপুলি, রসের পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, সেমাই পিঠা, দুধ চিতই সহ আরও অসংখ্য পিঠা। শীতের আমেজ পরিপূর্ণ রূপ পেতে নাগরিক ব্যস্ত জীবনে এক নিমিষেই তৈরী করে নিতে পারেন শীতের ঐতিহ্যবাহী পিঠা দুধ চিতই।
-6969168bdc9bc.jpg)
উপকরণে যা লাগবে
গোলার জন্য- আতপ চাল ২ কাপ, হালকা গরম পানি পরিমাণমতো, লবণ ১ চা চামচ। দুধের জন্য- দুধ ২ লিটার, খেজুর গুড় ২ কাপ, নারিকেল কোরা ১ কাপ, এলাচ ও দারুচিনি ৪/৫ টুকরো করে, পানি সামান্য।
পিঠা তৈরির পদ্ধতি
আতপ চাল ৪ ঘণ্টা ভিজিয়ে রেখে বেটে নিন বা কিছুটা নরমাল পানি দিয়ে ব্লেন্ড করে নিন। স্বাদ বাড়াতে চাইলে শিলপাটায় বেটে নিন। হালকা গরম পানি ও লবণ দিয়ে নেড়ে মাঝারি ঘনত্বের গোলা তৈরি করে নিন। চিতই পিঠার খোলা গরম করে ভিজা কাপড় দিয়ে মুছে নিন।
-696915a77517c.jpg)
এক চামচ করে গোলা খোলার প্রতিটা ঘরে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে দিন। ৪/৫ মিনিট পর পিঠা হলে খুন্তি দিয়ে চাপ দিয়ে উঠিয়ে নিন।
অল্প আঁচে দুধ চুলায় বসান। এলাচ ও দারুচিনি দিন। বলক উঠলে নামিয়ে কিছুটা ঠাণ্ডা করে নিন। সামান্য পানি গরম করে গুড় গলিয়ে নিন। দুধে মিশিয়ে নেড়ে আবার চুলায় দিন। মৃদু আঁচে দুধে বলক তুলুন।
-696915c3c07c9.jpg)
অতপর, গরম পিঠাগুলো দিয়ে ৫ মিনিট জ্বাল করুন। অর্ধেকটা নারিকেল কোরা উপরে ছড়িয়ে দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রাখুন। ৪-৬ ঘণ্টা পর পিঠা ভিজে নরম হয়ে গেলে উপরে বাকি অর্ধেক নারিকেল কোরা ছড়িয়ে দিন। খুব সহজেই তৈরি হবে আমাদের ঐতিহ্যবাহী পিঠা।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি