
নিউ ইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের স্থায়িত্ব ও দক্ষতা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স।
বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি ৭৪ তম অধিবেশনের বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ বিলোপ বিষয়ক কমিটির আওতাধীন সামগ্রিক শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
ফারুক খন্দকার তার বক্তব্যে সুনির্দিষ্ট কিছু বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। এগুলো হলো- শান্তিরক্ষা কার্যক্রমের অংশীজনদের মধ্যে নিয়মিত আলোচনা ও তথ্য আদান-প্রদানের জন্য জাতিসংঘ ব্যবস্থাপনার অধীনে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠা, মাঠ পর্যায়ে সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, শান্তিরক্ষা ও শান্তি-বিনির্মাণ এই ক্ষেত্র দুটির মধ্যে আন্তঃসমন্বয় সৃষ্টি, পারদর্শিতা ও সম্পদের আন্তঃসম্পর্ক নিশ্চিত করা, নারী সদস্যের সংখ্যা বৃদ্ধি, শান্তিরক্ষা মিশনসমূহে পরিবেশ দূষণ সীমিত রাখা এবং বাজেট সংক্রান্ত বিষয়গুলো বিবেচনায় আনা।
শান্তিরক্ষীদের দ্বারা সৃষ্ট যেকোনো ধরনের যৌন নির্যাতন ও সহিংসতা রোধ বিষয়ক জাতিসংঘ মহাসচিবের ’জিরো টলারেন্স’ নীতির প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন সংসদ সদস্য প্রিন্স।
তিনি আরও উল্লেখ করেন, শান্তিরক্ষীদের দ্বারা যৌন নির্যাতন এবং সহিংসতা রোধ ও সাড়া প্রদানে গঠিত ‘সার্কেল অব লিডারশীপ’-এর একজন সদস্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া সংসদ সদস্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘নারী শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক এক উন্মুক্ত বিতর্কে বক্তব্য রাখেন।
ফারুক খন্দকার বলেন, সংঘাতময় পরিবেশে ঝুঁকিপূর্ণ নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও তাদের সুরক্ষার প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ২০০০ সালে বাংলাদেশ ‘নারী শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ গ্রহণে নেতৃস্থানীয় ভূমিকা রাখে। এই রেজুলেশন ১৩২৫ অনুযায়ী বাংলাদেশ প্রথমবারের মতো জাতীয় কর্ম-পরিকল্পনা প্রণয়নের জন্য কাজ করছে মর্মে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, চলতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনের মূল কমিটিসমূহের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন গোলাম ফারুক খন্দকার প্রিন্স। নিউইয়র্কের বাংলাদেশ মিশন সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]