
নিউ ইয়র্ক প্রতিনিধি: নিজ ভূমিতে রোহিঙ্গাদেরকে স্বেচ্ছায় প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে আস্থার পরিবেশ তৈরি করতে হবে। যা ছাড়া কোনো অবস্থাতেই এই পদক্ষেপ টেকসই হবে না। জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকার কাউন্সিলের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে তাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতার দায়ও নিরূপণ করতে হবে।
স্থানীয় সময় শনিবার এই আলোচনায় যোগ দিয়ে তিনি আরো বলেন, এ ক্ষেত্রে দ্বিপাক্ষিক পদক্ষেপসমূহ বাস্তবায়নেও দায়বদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারো বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত মাসুদ বলেন, বর্তমান সরকারের মেয়াদে পর পর দুইবার এই কাউন্সিলে সদস্য হিসেবে নির্বাচিত হওয়া জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টারই স্বীকৃতি।
কাউন্সিলের এই নির্বাচনে এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে বাংলাদেশকে সমর্থন করার জন্য সদস্যরাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান স্থায়ী প্রতিনিধি। তিনি বলেন, মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিওডিক রিভিউ (ইউপিআর) এর বিষয়ে স্থায়ী প্রতিনিধি জানান, গত মে মাসে এই রিভিউ শেষ হয়েছে। যা নিয়ে প্রশংসা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনগুলোতে মানবাধিকার কাউন্সিলের সব গঠনমূলক প্রক্রিয়াকে এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাংলাদেশ কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
একই দিনে মানবাধিকার কাউন্সিলের প্রেসিডেন্টের তোলা রিপোর্টের কারিগরি বিষয়ে আয়োজিত আরেকটি সভাতেও বক্তব্য রাখেন মাসুদ বিন মোমেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]