রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টির তিন প্রস্তাব
বাংলাপ্রেস ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত রাজনৈতিক সংলাপে অংশ নিয়ে তিনটি প্রস্তাবনা পেশ করেছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
জাতীয় পার্টির (জাপা) ৮ সদস্যের প্রতিনিধিদল সোমবার (২০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বঙ্গভবনে প্রবেশ করে।
সংলাপ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, তিনটি প্রস্তাব দিয়েছে জাপা। নির্বাচন কমিশন গঠনে আমরা আইন করতে বলেছি। আইন না মানলে কমিশনের সাজার বিধান থাকতে হবে নতুন আইনে। প্রয়োজনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন। সরকার চাইলে জাতীয় পার্টি সহায়তা করতে পারে।
তিনি আরও জানান, সার্চ কমিটির জন্য চার থেকে পাঁচজনের নাম দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে৷
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির এ সংলাপ। সার্চ কমিটির মাধ্যমে গঠিত কমিশন নিরপেক্ষ হতে পারে না দাবি করে বিএনপি বলছে, এ সংলাপে অংশ নেবে না তারা।
উল্লেখ্য, সংবিধানের ১১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে এবং উক্ত বিষয়ে প্রণীত আইনের বিধানাবলিসাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ করবেন।
কিন্তু গত ৫০ বছরেও হয়নি নির্বাচন কমিশন গঠনের সেই আইন। আগামী ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান কমিশনের মেয়াদ। তাই নতুন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন রাষ্ট্রপতি।
এ পর্যন্ত গঠিত ১২টি নির্বাচন কমিশনের মধ্যে শেষ দুটি কমিশন রাষ্ট্রপতি সার্চ কমিটির মাধ্যমে গঠন করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুতি সম্পন্ন, অধীর অপেক্ষা ঠাকুরগাঁওবাসীর
ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি