
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ‘আঁতাত’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের কোন তথ্যই কর্মকর্তাদের কাছে প্রকাশ করেননি ট্রাম্প। উল্টো সেগুলো পোপন করার চেষ্টা করেছেন।
একান্ত আলাপ কর্মকর্তাদের কাছে কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সংবাদমাধ্যম। এর একদিন আগে নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প তাঁর দোভাষীর নেওয়া তথ্যও গোপন করেছেন। তাদেরকে বলা হয়েছে, বৈঠকের বিস্তারিত কিছু না জানাতে। আগের প্রেসিডেন্টদের এই ধরনের আচরণ ছিল না বলেও জানিয়েছেন তারা।
ওয়াশিংটন পোস্ট জানায়, ২০১৭-তে জার্মানির হামবুর্গে একটি বৈঠক হয়েছিল। যেখানে ট্রাম্পের সঙ্গে ছিলেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। হোয়াইট হাউসের এক পরামর্শদাতা এবং স্টেট ডিপার্টমেন্টের একজন সিনিয়র কর্মকর্তা ট্রাম্পের দোভাষীর কাছ থেকে বাড়তি তথ্য জানতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই বৈঠকের তথ্য অন্য কাউকে না জানাতে বলে দেন ট্রাম্প।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার দাবি, গণমাধ্যম মিথ্য কথা বলছে। পুতিনের সঙ্গে অনেকগুলো সফল বৈঠক করেছেন তিনি।
বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেন, ‘দুই প্রেসিডেন্টের বৈঠকে যা আলোচনা হওয়ার কথা তাই হয়েছে। আলোচনা হয়েছে ইসরায়েল নিয়ে। কোনও কিছুই লুকিয়ে রাখার নেই।’ হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেন, ট্রাম্প রাশিয়ার সঙ্গে সম্পর্কের উন্নতি চায়। ২০১৭-র হামবুর্গের ওই বৈঠকের পর এক বেসরকারি বৈঠকে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য কর্মকর্তাদের ট্রাম্প এবং পুতিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছিলো।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]