প্রতিটি আমেরিকান শুল্ক রাজস্বের লভ্যাংশ হিসেবে পাবেন ২ হাজার ডলার:ট্রাম্প
নোমান সাবিত: যুক্তরাষ্ট্র প্রশাসনের আদায়কৃত শুল্ক রাজস্ব থেকে প্রতিটি আমেরিকান নাগরিক অন্তত ২ হাজার ডলার করে পাবেন বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় রবিবার (৯ নভেম্বর) নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এ ঘোষণা দেন।
ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, প্রতিজনকে (উচ্চ আয়ের ব্যক্তিদের বাদে) অন্তত ২ হাজার ডলারের একটি ‘ডিভিডেন্ড’ প্রদান করা হবে।
তিনি আরও যোগ করেন, যারা শুল্কের বিরোধিতা করছে, তারা একেবারে বোকার মতো কাজ করছে! এ ধরনের প্রস্তাব কার্যকর করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতে পারে। এ বছরের গ্রীষ্মে রিপাবলিকান সিনেটর জোশ হাউলি (মিসৌরি) একটি বিল উত্থাপন করেছিলেন, যাতে প্রায় সব আমেরিকান নাগরিক ও তাদের ওপর নির্ভরশীল শিশুদের জন্য ৬০০ ডলার করে শুল্ক ফেরত দেওয়ার প্রস্তাব ছিল।
তখন হাউলি বলেছিলেন, আমার প্রস্তাবিত আইনটি পরিশ্রমী আমেরিকানদের সেই সম্পদের ভাগ দেবে, যা ট্রাম্পের শুল্ক নীতির ফলে দেশে ফিরে আসছে।
তবে ট্রেজারি সচিব স্কট বেসেন্ট গত আগস্টে সিএনবিসিকে জানান, প্রশাসনের মূল লক্ষ্য হলো শুল্ক রাজস্ব ব্যবহার করে দেশের ৩৮.১২ ট্রিলিয়ন ডলারের জাতীয় ঋণ পরিশোধ করা।
রবিবার ট্রাম্পও বলেন, প্রশাসন শুল্ক রাজস্ব ব্যবহার করে এই 'বিরাট' জাতীয় ঋণ পরিশোধ করবে।
একটি প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টের এই পরিকল্পনা নিয়ে স্পষ্টীকরণের জন্য তারা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
এই বছরের প্রথম তিন প্রান্তিকে মার্কিন ট্রেজারি বিভাগ শুল্ক বাবদ ১৯৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে বলে সেপ্টেম্বরে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে ইয়েল বাজেট ল্যাবের তথ্যমতে, ১৭ অক্টোবর পর্যন্ত আমেরিকান ভোক্তারা গড়ে ১৮ শতাংশ কার্যকর শুল্কহার বহন করছেন—যা ১৯৩৪ সালের পর সর্বোচ্চ। এ বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসন যখন বিশ্বের বহু বাণিজ্য অংশীদারের ওপর ব্যাপক শুল্ক আরোপ করে, তখন অনেক কোম্পানি সেই অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি