২২ নভেম্বর ২০২৬

প্রথমবার অস্কারজয়ী রাসেল ক্রোর বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ এএম
প্রথমবার অস্কারজয়ী রাসেল ক্রোর বিপরীতে প্রিয়াঙ্কা চোপড়া

বাংলাপ্রেস ডেস্ক: প্রথমবারের মতো হলিউডের অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তাদের একসঙ্গে দেখা যাবে ‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন ও অ্যাকশন-থ্রিলার সিনেমায়। নিমরোদ আনতাল পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এতে আরও অভিনয় করছেন মাইকেল চিকলিস ও ড্যানিয়েল ম্যাকফারসন। সিনেমাটিতে মাইলা রিস নামে জাতিসংঘের একজন অনুবাদকের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

অন্যদিকে রাসেল ক্রোকে দেখা যাবে বেনি নামে সাবেক এক পাইলটের ভূমিকায়। কঙ্গোর গভীর জঙ্গলে একটি রহস্যময় সামরিক উড়োজাহাজ উদ্ধারের গোপন অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সেই অভিযানে যুক্ত হন মাইলা ও বেনি। কিন্তু অভিযান যত এগোয়, ততই সামনে আসতে থাকে অজানা বিপদ ও রহস্য। একপর্যায়ে তাদের লড়তে হয় বেঁচে থাকার জন্য।

প্রিয়াঙ্কার জন্য চরিত্রটি বেশ আলাদা। এর আগে ‘সিটাডেল’, ‘দ্য ব্লাফ’-এর মতো কাজে অস্ত্র হাতে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে। তবে এবার তাঁর প্রধান শক্তি অস্ত্র নয়, ভাষা।

সম্প্রতি ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন, চরিত্রটির প্রতি আগ্রহ তৈরির অন্যতম কারণ জাতিসংঘের অনুবাদকদের কাজ। প্রায় ১৫ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করার সুবাদে বিভিন্ন জাতিসংঘের অনুবাদকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে তাঁর। যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাদের সাহসিকতা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে মুগ্ধ করেছে।

প্রিয়াঙ্কার ভাষায়, অনুবাদকের কাজ কেবল একটি ভাষার শব্দ অন্য ভাষায় রূপান্তর করা নয়; বরং বক্তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ও উদ্দেশ্যও যথাযথভাবে তুলে ধরা। তাই চরিত্রটির প্রতি সুবিচার করতে চান তিনি। এ জন্য সোয়াহিলি, জুলু ও লিঙ্গালা-আফ্রিকার এই তিন ভাষার সংলাপ শেখার প্রস্তুতি নিচ্ছেন ভাষা প্রশিক্ষকের কাছে। নিজের ভাষা ও সংস্কৃতির ভুল উপস্থাপন নিয়ে সচেতন প্রিয়াঙ্কা মনে করেন, পর্দায় অন্য সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রেও যথেষ্ট দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

অ্যাকশন দৃশ্যে অস্ত্র হাতে অভিনয় প্রসঙ্গে মজা করে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমার হাতে অস্ত্র থাকলে আমাকে ভালোই দেখায়।’ তবে ‘ব্লুফ্লাই’-এ তিনি ভাষার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করতে চান। চরিত্রটির মধ্যে এক ধরনের কোমলতা ও মানবিক দিক খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

এদিকে বর্তমানে প্রিয়াঙ্কার হাতে রয়েছে আরও কয়েকটি বড় আয়োজন। দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন তিনি। এসএস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় দেখা যাবে তাঁকে। এতে মান্দাকিনি চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।

আগামী ৭ এপ্রিল ২০২৭ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামে একটি সারভাইভাল থ্রিলারেও অভিনয় করার কথা রয়েছে তাঁর। অন্যদিকে রাসেল ক্রোকে সামনে দেখা যাবে ‘আনঅ্যাবোম্বার’, ‘দ্য ওয়েট’ ও ‘বিলিয়ন ডলার স্পাই’ সিনেমায়। এ ছাড়া অ্যামাজন এমজিএমের ‘হাইল্যান্ডার’ সিনেমার নতুন সংস্করণেও অভিনয় করছেন তিনি। ফলে ‘ব্লুফ্লাই’ ছাড়াও দুই তারকার হাতেই রয়েছে ব্যস্ত সময়ের কাজ।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি