৫ মে ২০২৬

পরিচালক রব রাইনারের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হত্যাকাণ্ডে দুজন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩২ পিএম
পরিচালক রব রাইনারের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হত্যাকাণ্ডে দুজন নিহত

নোমান সাবিত: লস অ্যাঞ্জেলেস পুলিশ ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে পরিচালক ও অভিনেতা রব রাইনারের বাড়িতে সংঘটিত একটি সম্ভাব্য হত্যাকাণ্ডের তদন্ত করছে। রোববার বিকেলে ওই বাড়ি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ক্যাপ্টেন মাইক ব্ল্যান্ড জানান, চ্যাডবোর্ন অ্যাভিনিউয়ের ২০০ ব্লকে অবস্থিত ওই বাড়িতে ৭৮ বছর বয়সী এক পুরুষ এবং ৬৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো দ্য টাইমসকে জানিয়েছে, এই মৃত্যুর ঘটনায় পরিবারের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চলমান তদন্তের কারণে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকায় সূত্রগুলো নাম প্রকাশ করেনি। তারা আরও নিশ্চিত করেছে, বাড়িটিতে জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। নিহতদের নামও এখনো প্রকাশ করা হয়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র মার্গারেট স্টুয়ার্ট জানান, রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসা সহায়তার জন্য ওই বাড়িতে বিভাগটির কর্মীদের ডাকা হয়। বাড়ির ভেতরে প্রবেশ করে দমকলকর্মীরা ওই নারী ও পুরুষের মরদেহ দেখতে পান।
৭৮ বছর বয়সী রব রাইনারের হলিউডে পাঁচ দশকেরও বেশি সময়ের দীর্ঘ ক্যারিয়ার রয়েছে। ক্যারিয়ারের শুরুর দিকে তিনি ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত জনপ্রিয় সিটকম অল ইন দ্য ফ্যামিলি-তে মাইকেল “মিটহেড” স্টিভিক চরিত্রে অভিনয় করেন, যেখানে ক্যারল ও’কনর অভিনয় করেছিলেন আর্চি বাঙ্কারের ভূমিকায়।
পরিচালক হিসেবে রাইনার হোয়েন হ্যারি মেট স্যালি, দ্য প্রিন্সেস ব্রাইড এবং দিস ইজ স্পাইনাল ট্যাপ–সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন। ১৯৮৬ সালে স্টিভেন কিংয়ের উপন্যাসিকা অবলম্বনে নির্মিত স্ট্যান্ড বাই মি দিয়ে তাঁর কাজ আরও গভীর ও নাটকীয় রূপ পায়।
১৯৯৩ সালে নির্মিত আ ফিউ গুড মেন চলচ্চিত্রের জন্য রাইনার একাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। ছবিটিতে অভিনয় করেছিলেন জ্যাক নিকোলসন ও টম ক্রুজ। তবে সেবার ছবিটি ক্লিন্ট ইস্টউড পরিচালিত আনফরগিভেন–এর কাছে পরাজিত হয়।
রাজনৈতিক ক্ষেত্রেও হলিউডে রাইনার ছিলেন একটি প্রভাবশালী কণ্ঠ। তিনি আমেরিকান ফাউন্ডেশন ফর ইকুয়াল রাইটস–এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন—যে সংগঠনটি সমলিঙ্গ বিবাহ নিষিদ্ধকারী প্রস্তাবনা ৮ (প্রপোজিশন ৮) বাতিলের আন্দোলনে নেতৃত্ব দেয়। পাশাপাশি তিনি শিশুদের বিষয়েও সক্রিয় ছিলেন। ক্যালিফোর্নিয়া চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজ ইনিশিয়েটিভ নামে পরিচিত প্রস্তাবনা ১০ পাসের প্রচারাভিযানে নেতৃত্ব দেন তিনি, যা শিশুদের প্রারম্ভিক বিকাশে একটি উচ্চাভিলাষী কর্মসূচির সূচনা করে। প্রস্তাবনা ১০–কে একটি যুগান্তকারী নীতি হিসেবে বিবেচনা করা হয়। এই উদ্যোগে রাইনার স্টিভেন স্পিলবার্গ, রবিন উইলিয়ামস এবং তাঁর বাবা—কৌতুক কিংবদন্তি কার্ল রাইনারের সহায়তা নেন।
রাইনার ১৯৭১ থেকে ১৯৮১ সাল পর্যন্ত লাভার্ন অ্যান্ড শার্লি–খ্যাত অভিনেত্রী পেনি মার্শালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। পরে হোয়েন হ্যারি মেট স্যালি ছবির সেটে তাঁর সঙ্গে আলোকচিত্রী মিশেল সিঙ্গারের পরিচয় হয়। ১৯৮৯ সালে, ছবিটি মুক্তির বছরেই, তারা বিয়ে করেন।
মিশেল সিঙ্গার রাইনার গত এক দশকে চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত হন। তিনি শক অ্যান্ড অ, আলবার্ট ব্রুকস: ডিফেন্ডিং মাই লাইফ এবং স্পাইনাল ট্যাপ টু: দ্য এন্ড কন্টিনিউস—এমন বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন, যেগুলোর পরিচালক ছিলেন তাঁর স্বামী। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্টীয় জাতীয়তাবাদ নিয়ে নির্মিত তথ্যচিত্র গড অ্যান্ড কান্ট্রি–ও প্রযোজনা করেন।
রোববার সন্ধ্যা নাগাদ আইনশৃঙ্খলা বাহিনী ব্রেন্টউডে রাইনারের বিস্তৃত এস্টেট ঘিরে ফেলে। তবে চ্যাডবোর্ন অ্যাভিনিউয়ে এক ধরনের থমথমে নীরবতা বিরাজ করছিল। হলুদ রঙের অপরাধস্থল টেপ দিয়ে এলাকাটি সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়।
রাইনারের বাড়ির অন্য ব্লকের দুই প্রান্তে পুলিশ গাড়ি মোতায়েন করা হয় এবং আকাশে একটি হেলিকপ্টার চক্কর দিতে থাকে। সিল করা এলাকায় এক তরুণের সঙ্গে কর্মকর্তাদের কথা বলতে দেখা যায়। ওই তরুণ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি সাদা টেসলা গাড়িতে ঘটনাস্থল ত্যাগ করেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
ব্রেন্টউড অন্তর্ভুক্ত ওয়েস্টসাইড জেলার সিটি কাউন্সিল সদস্য ট্রেসি পার্ক এক বিবৃতিতে জানান,অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে এলএপিডি এলাকায় টহল জোরদার করেছে।
বিবৃতিতে তিনি লেখেন, আমরা আরও তথ্যের অপেক্ষায় থাকলেও, ব্রেন্টউড থেকে আসা এই খবর আমাকে গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত করেছে। হত্যাকাণ্ড বিভাগ তাদের তদন্ত চালিয়ে যাওয়ায় আমরা এলএপিডির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছি।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি