
বাংলাপ্রেস ডেস্ক: আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদের পর তার ঘনিষ্ঠতার বিষয়টি সামনে আসার পর পদ হারিয়েছেন ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) সাকলায়েনের।
শনিবার (৭ আগস্ট) ডিবির সব কার্যক্রম থেকে থেকে সরিয়ে সাকলায়েনকে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘এডিসি গোলাম সাকলায়েন শিথিলকে তার ডিবির সকল দায়িত্ব থেকে নিবৃত্ত করে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিমে পদায়ন করা হয়েছে।’
ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘সাকলায়েনের বিরুদ্ধে এ ঘটনায় কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।’
এর আগে বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার সহযোগী অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন পরীমনি। বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে ডিবি। মামলাটির সুপারভাইজার (তত্ত্বাবধায়ক) ছিলেন এডিসি সাকলায়েন।
জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা হত গোলাম সাকলায়েনের সঙ্গে। তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।
পরীমনি-সাকলায়েনকে নিয়ে একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাজারবাগ পুলিশ অফিসার্স কলোনির মধুমতি ভবনের গেটের সামনে ১ আগস্ট সকাল ৮ টা ১৫ মিনিটে একটি সাদা গাড়ি এসে থামে। লাল রংয়ের টি-শার্ট পরিহিত একজন প্রথমে নামেন। এরপর কোলে একটি কুকুরসহ সাদা রংয়ের জামা পরে নামেন পরীমনি।
এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. ওমর ফারুক বলেন, ‘ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েন শিথিলের অনৈতিক সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।’
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]