পাকিস্তানকে অত্যাধুনিক জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিবে চীন
বাংলাপ্রেস ডেস্ক, ঢাকা : ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানি নৌসেনার হাতে অত্যাধুনিক যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সিএম-৩০২ তুলে দিচ্ছে চিন। এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে সমুদ্রে ক্ষমতা বিস্তারের লড়াইয়ে নিজেদের সামর্থ্য অনেকটাই বাড়বে পাকিস্তানের। ২০০৬ সালে ভারতীয় নৌসেনার হাতে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র আসার পর থেকে সমুদ্রে পাকিস্তানের উপর যে আধিপত্য দেখানো সম্ভব হচ্ছিল, সেই ক্ষমতা অনেকটাই কমবে ভারতের, এমনটাই মত যুদ্ধ বিশেষজ্ঞদের।
পাকিস্তানকে যে জাহাজ-বিধ্বংসী অস্ত্র দিচ্ছে চিন, তা অত্যাধুনিক চিনা ক্ষেপণাস্ত্র ওয়াই জে ১২-র সমগোত্রীয়। শব্দের থেকে তিন গুণ বেশি গতিতে এই ক্ষেপণাস্ত্র ছুটে যায় শত্রু জাহাজের দিকে। পাকিস্তানের হাতে যে অস্ত্রভাণ্ডার তুলে দিচ্ছে চিন, তার মধ্যে অন্যতম এই জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। চিনের হুডং-জংঘুয়া জাহাজ-ডকে এখন বানানো হচ্ছে এই যুদ্ধাস্ত্র।
এই মুহূর্তে ভারতের হাতে যে ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র আছে, তার সঙ্গে বিভিন্ন দিক দিয়েই তুলনীয় এই সিএম-৩০২। ভারতের কাছে এই পাকিস্তানি ক্ষমতা বৃদ্ধি উদ্বেগের। কারণ এখন থেকে পাকিস্তানি নৌসেনাকে মোকাবিলা করার কৌশল নতুন করে ঠিক করতে হবে ভারতকে। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতও, এমনটাই জানা গিয়েছে বিভিন্ন সূত্র থেকে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি