৯ নভেম্বর ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৬ এএম
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে ভর্তির আবেদন গ্রহণ শুরু হবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারির পর থেকে। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষার ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রমের ফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখের মধ্যে সমন্বয়, পবিত্র রমজান মাস বিবেচনায় সময়সূচি প্রণয়ন এবং শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, সেগুলোও পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার রাজধানীর ইউজিসি কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি ভর্তি কার্যক্রমের নতুন সময়সূচি ও সিদ্ধান্তের বিষয়গুলো তুলে ধরেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার বিষয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে ভর্তির আবেদন নেওয়া হবে এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।

তিনি বলেন, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও এবার এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। এ বছর উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। তাঁদের জন্য উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব কার্যক্রমের ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

মামুন আহমেদ বলেন, পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। তাঁদের ভর্তির প্রতিযোগিতার বাইরে রাখতে চায় না সরকার। এ কারণেই ভর্তি কার্যক্রমের সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের সঙ্গে অন্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে সমন্বয় নিশ্চিত করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব নিয়েও সভায় আলোচনা হয়েছে। এ কমিটি গঠন করা হলে সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি ও কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।

প্রশ্নপদ্ধতিতে আসতে পারে পরিবর্তন
ভর্তি পরীক্ষার সময়সূচির পাশাপাশি প্রশ্নপদ্ধতি নিয়েও নতুন চিন্তাভাবনা করছে ইউজিসি। বহুনির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষেও গত বছরের মতো একই পদ্ধতিতে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে উপাচার্যদের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, শুধু মুখস্থনির্ভর জ্ঞান যাচাই করে একজন শিক্ষার্থীর প্রকৃত সক্ষমতা নিরূপণ করা সম্ভব নয়। শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এবং সমস্যা সমাধানের যোগ্যতাও মূল্যায়ন করা প্রয়োজন। বিশেষ করে একজন শিক্ষার্থী যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান, সে বিষয়ে তাঁর মৌলিক জ্ঞান ও সামর্থ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া দরকার। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে শিক্ষার্থীদের জিপিএর বিষয়টি যথাযথভাবে বিবেচনার জন্যও উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ বছর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় উচ্চশিক্ষার আসনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টি আলোচনায় এসেছে।

আসন রয়েছে ১৫ লাখের বেশি
ইউজিসির তথ্য অনুযায়ী, দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা প্রায় ১৮০। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক পর্যায়ে আসনসংখ্যা ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

অন্যদিকে, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফলে উচ্চশিক্ষার বিদ্যমান আসনসংখ্যার তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম। তবে বিশ্ববিদ্যালয়ভেদে বিষয়, শিক্ষাপ্রতিষ্ঠানের মান, ভৌগোলিক অবস্থান ও শিক্ষার্থীদের পছন্দের কারণে আসন পূরণের ক্ষেত্রে ভিন্ন চিত্র তৈরি হতে পারে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতা অক্ষুণ্ন রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি এ ক্ষেত্রে সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে। কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি