অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা মারা গেছেন
টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী
বাংলাপ্রেস ডেস্ক: ব্যক্তিগত জীবনের কঠিন সময়ের মধ্যেই শোকের মুখে পড়লেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোহম চক্রবর্তী। বাবাকে হারিয়েছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতার বাবা সুব্রত চক্রবর্তী। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন সুব্রত চক্রবর্তী। দুর্গাপূজার সময় থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
বিজয়া দশমীর দিন পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। প্রথমে হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) আদলে বিশেষ চিকিৎসাব্যবস্থায় রাখা হয়েছিল তাঁকে।
তবে দীপাবলির সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত আবারও হাসপাতালে ভর্তি করা হয় সুব্রতকে।
শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বহু অঙ্গ বিকল হওয়া এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বাবার সঙ্গে সোহমের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা প্রকাশ করেছেন অভিনেতা। ২০২১ সালে বেশ ঘটা করেই বাবার ৭৫তম জন্মদিন উদ্যাপন করেছিলেন তিনি। সেই স্মৃতিগুলো এখন আরো বেশি আবেগপ্রবণ করে তুলছে তাকে।
এদিকে বাবাকে হারানোর খবরে শোক প্রকাশ করছেন সোহমের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। গত কিছুদিন ধরেই ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেতা। রাজনৈতিক পালাবদল, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পাশাপাশি আইনি ও ব্যক্তিগত নানা জটিলতারও মুখোমুখি হতে হয়েছে তাকে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি