জেনে নিন কেন?
অভিবাসীদের কাজের অনুমতি আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করবে না যুক্তরাষ্ট্র
নোমান সাবিত: ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে বাইডেন আমলের সেই নীতি বাতিল করছে, যার আওতায় অভিবাসীদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) প্রায় দেড় বছর পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হতো।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বুধবার ঘোষণা করেছে যে তারা একটি অন্তর্বর্তীকালীন চূড়ান্ত নিয়ম জারি করেছে, যার মাধ্যমে কর্মসংস্থান অনুমোদন নথি (ইএডি) নবায়নের ক্ষেত্রে ৫৪০ দিনের যে বাড়তি সময়সীমা ছিল, তা বাতিল করা হচ্ছে।
বাইডেন প্রশাসনের সময় বিপুল সংখ্যক অভিবাসীর যুক্তরাষ্ট্রে প্রবেশ প্রক্রিয়ায় বিরাট ব্যাকলগ সৃষ্টি করেছিল, যার ফলে আগের ছয় মাসের সময়সীমার মধ্যে নবায়ন সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে।
ডিএইচএস সচিব ক্রিস্টি নোম ওই নিয়মে উল্লেখ করেছেন, এই বিপুল বিলম্বের কারণে 'কঠোর যাচাই-বাছাই' প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছিল।
তিনি বলেন, ২০২৫ সালের ১ জুনের ঘটনার পর এটা একেবারেই স্পষ্ট হয়ে যায় যে, নবায়নের আবেদনকারীদের ব্যাপারে সম্পূর্ণ ও সতর্ক যাচাই না করলে জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়ে। সেদিন এক বিদেশি নাগরিক গাজায় বন্দিদের সমর্থনে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ ইহুদি সমাবেশে অগ্নিবোমা নিক্ষেপ করে এবং অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়।
নোম আরও বলেন, “ওই ব্যক্তি মলোটভ ককটেল ছুড়ে বহুজনকে পুড়িয়ে দেয়, ১৫ জন আহত হয়। সে ২০২২ সালের আগস্টে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং তার নন-ইমিগ্রান্ট অবস্থার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করে। ২০২২ সালের সেপ্টেম্বরে সে আশ্রয়ের আবেদন করে, যা হামলার সময় পর্যন্ত মুলতুবি ছিল। সে ওই আশ্রয় আবেদন ভিত্তিক একটি ইএডিও পেয়েছিল, যা স্বয়ংক্রিয়ভাবে ৫৪০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছিল।
তিনি আরও যোগ করেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর এক বিদেশির এই আক্রমণ স্পষ্টভাবে দেখায় যে, কঠোর যাচাই-বাছাই ছাড়া অভিবাসীদের যুক্তরাষ্ট্রে কোনো ধরনের সুবিধা দেওয়া কতটা বিপজ্জনক হতে পারে। অভিবাসীদের যোগ্যতা ও আচরণ নিয়মিতভাবে পুনর্মূল্যায়ন করা জরুরি।
ক্রিস্টি নোম যাকে উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সেই মিসরীয় নাগরিক মোহাম্মদ সাবরি সোলিমানকে পরে কলোরাডোর বোল্ডারে শান্তিপূর্ণ ইসরায়েলি জিম্মিদের সমর্থনে আয়োজিত মিছিলে মলোটভ ককটেল নিক্ষেপের অভিযোগে ১১৮টি ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়।
অন্তর্বর্তী নিয়মে আরও কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে ওয়ার্ক পারমিটধারী অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত ছিলেন।

মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবার (ইউএসসিআইএস) তথ্য অনুযায়ী, ২০২৪ অর্থবছরে অন্তত ১৩ লাখ অ-নাগরিকের কাজের অনুমতি নবায়ন করা হয়েছিল। ডিএইচএস এখনো জানাতে পারেনি ঠিক কতজন নবায়ন আবেদনকারী এই পরিবর্তনের প্রভাবে পড়বেন।
ইউএসসিআইএস-এর এক মুখপাত্র বলেন, এখন আমাদের লক্ষ্য হচ্ছে সেইসব ব্যক্তিদের ওপর, যাদের যুক্তরাষ্ট্রে কাজ করার কোনো আইনি অধিকার নেই।
নতুন নিয়মটি ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে, যদিও কিছু ব্যতিক্রম থাকবে যেমন অস্থায়ী সুরক্ষিত মর্যাদা (টিপিএস) থাকা বিদেশিদের ক্ষেত্রে।
ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো এক বিবৃতিতে বলেন, আমরা এখন অভিবাসীদের যাচাই-বাছাই ও নিরাপত্তা প্রক্রিয়াকে আরও জোরদার করছি, বাইডেন প্রশাসনের সেই নীতিগুলো বাতিল করছি যেগুলো আমেরিকানদের নিরাপত্তার চেয়ে বিদেশিদের সুবিধাকে অগ্রাধিকার দিয়েছিল।
তিনি আরও বলেন, এটি একটি সাধারণ বুদ্ধির পদক্ষেপ, যা নিশ্চিত করবে যে, কোনো অভিবাসীর কর্মসংস্থান অনুমতি বা নথি নবায়নের আগে যথাযথ যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। সবাইকে মনে রাখতে হবে যুক্তরাষ্ট্রে কাজ করা একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়।
উল্লেখ্য, বাইডেন প্রশাসন ২০২৪ সালের ডিসেম্বরে নবায়নের বাড়তি সময় ১৮০ দিন থেকে বাড়িয়ে ৫৪০ দিন করে, এবং একই সঙ্গে আশ্রয়প্রার্থী, শরণার্থী, গ্রিন কার্ডধারী ও এইচ-১বি ভিসাধারীদের স্বামী-স্ত্রীসহ আরও অনেক অভিবাসী শ্রেণির জন্য কর্মসংস্থান অনুমোদন উন্মুক্ত করে।
তবে এখন উভয় গ্রেস পিরিয়ডই বাতিল করা হয়েছে, ফলে নিয়োগদাতাদের কিছু বিদেশি কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে, কারণ নতুন নিয়মে তারা আর পূর্বের সুরক্ষা পাবেন না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি