৫ মে ২০২৬

ওবামাকেয়ার ভর্তুকি তিন বছর বাড়ানোর বিল প্রতিনিধি পরিষদে পাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পিএম
ওবামাকেয়ার ভর্তুকি তিন বছর বাড়ানোর বিল প্রতিনিধি পরিষদে পাস

নোমান সাবিত: বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে দ্বিদলীয় ভোটে মেয়াদোত্তীর্ণ ওবামাকেয়ার কর-ছাড় (ট্যাক্স ক্রেডিট) পুনর্বহাল ও তিন বছর বাড়ানোর বিল পাস হয়েছে। এই ভোট মধ্যপন্থী রিপাবলিকানদের মধ্যে দ্বিদলীয় সমঝোতার আশাকে নতুন করে উসকে দিয়েছে।

ভোটের ফলাফল ছিল ২৩০ বনাম ১৯৬। এতে স্পষ্ট হয়েছে, নিজ দলের মধ্যেই স্পিকার মাইক জনসনের (রিপাবলিকান–লুইজিয়ানা) অবস্থান কতটা নড়বড়ে। ১৭ জন মধ্যপন্থী রিপাবলিকান সব ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে মিলে বিলটির পক্ষে ভোট দেন।

এই বিলটি কোভিড-১৯ মহামারির সময় চালু হওয়া উন্নত ‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ) ভর্তুকি আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। এখন এটি সিনেটে যাচ্ছে, যেখানে গত মাসে প্রায় দলীয় বিভাজনের ভিত্তিতে একই প্রস্তাব বাতিল করা হয়েছিল। এমনকি সিনেট মেজরিটি লিডার জন থুন (রিপাবলিকান–দক্ষিণ ডাকোটা) ইঙ্গিত দিয়েছেন, তিনি প্রতিনিধি পরিষদের এই বিল উপেক্ষা করতে পারেন।

তবুও আইনপ্রণেতাদের ধারণা, এই ভোট সিনেটে চলমান দ্বিদলীয় আলোচনায় নতুন গতি আনবে এবং সমঝোতার জন্য চাপ বাড়াবে।

নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রতিনিধি টম সুয়োজ্জি বলেন, আজ প্রতিনিধি পরিষদ থেকে আমরা গতি তৈরি করতে চাই। সিনেটেও সমঝোতার পথে তারা অনেকটাই এগিয়ে।

রিপাবলিকান প্রতিনিধি ব্রায়ান ফিটজপ্যাট্রিক বলেন, এই ভোট সিনেটের ওপর চাপ সৃষ্টি করবে। তাঁর ভাষায়, প্রতিনিধি পরিষদের এই পদক্ষেপ ছাড়া সিনেটের জন্য বিষয়টি আবার জীবিত করা কঠিন হতো।

বিলের পক্ষে ভোট দেওয়া ১৭ জন রিপাবলিকানের মধ্যে রয়েছেন ব্রায়ান ফিটজপ্যাট্রিক, রব ব্রেসনাহান, মাইক ক্যারি, মনিকা ডে লা ক্রুজ, অ্যান্ড্রু গারবারিনো, জেফ হার্ড, ডেভ জয়েস, টম কিন জুনিয়র, নিক লালোটা, মাইক ললার, রায়ান ম্যাকেঞ্জি, ম্যাক্স মিলার, জ্যাক নান, মারিয়া এলভিরা সালাজার, ডেভিড ভ্যালাদাও, ডেরিক ভ্যান অর্ডেন ও রবার্ট উইটম্যান।

এই ভোটকে ডেমোক্র্যাটদের পাশাপাশি সেই মধ্যপন্থী রিপাবলিকানদের বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে, যারা নিজ দলের নেতৃত্বের বিরোধিতা করে বিলটি ভোটে তোলার উদ্যোগ নিয়েছিলেন। কারণ সাধারণত ‘ডিসচার্জ পিটিশন’ খুব কম ক্ষেত্রেই সফল হয়।

ভোটটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি ওবামাকেয়ার ঘিরে, যে আইনটি রিপাবলিকানরা ২০১০ সালে প্রণয়নের পর থেকেই বাতিলের চেষ্টা করে আসছেন।

তবে ওবামাকেয়ার ভর্তুকির প্রবল সমর্থকরাও স্বীকার করছেন, সিনেটে এই বিলের ভবিষ্যৎ অনিশ্চিত। কংগ্রেশনাল বাজেট অফিস জানিয়েছে, তিন বছরের এই সম্প্রসারণে প্রায় ৮০ বিলিয়ন ডলার খরচ হবে।

মধ্যপন্থী রিপাবলিকানরা বলছেন, তারা ভর্তুকি পুরোপুরি বাতিল করতে চান না, তবে আয়ের সীমা কঠোর করা ও জালিয়াতি রোধে সংস্কার চান।

সিনেটে যে সমঝোতা আলোচনাধীন, তাতে ভর্তুকি দুই বছর বাড়ানো, আয়ের সীমা নির্ধারণ এবং ন্যূনতম মাসিক প্রিমিয়াম পাঁচ ডলার করার প্রস্তাব রয়েছে, যাতে শূন্য প্রিমিয়ামের পরিকল্পনায় জালিয়াতি কমে।

আরেকটি বড় বিতর্কের বিষয় হলো গর্ভপাত সংক্রান্ত বিধিনিষেধ। রক্ষণশীল রিপাবলিকানরা চান, ওবামাকেয়ার স্বাস্থ্যবিমায় গর্ভপাত কাভারেজের ওপর আরও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

এই প্রসঙ্গে প্রতিনিধি ফিটজপ্যাট্রিক বলেন, বাকি অনেক বিষয় সমাধানযোগ্য, কিন্তু হাইড সংশোধনীই সবচেয়ে কঠিন বিষয়।

তিনি জানান, এখন একটি ঐকমত্য তৈরি হচ্ছে নতুন বিধিনিষেধ আরোপ না করে বিদ্যমান আইনই বহাল রাখার পক্ষে।

তিনি বলেন, এটি মূলত স্বাস্থ্যসেবার খরচ কমানোর প্রশ্ন। গর্ভপাত ইস্যুকে এখানে টেনে আনা উচিত নয়।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি