অনুমতি ছাড়া অমিতাভের কণ্ঠ ও ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা
অমিতাভ বচ্চন
বাংলাপ্রেস ডেস্ক: অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা ব্যক্তিত্ব ব্যবহার করা যাবে না। এ বিষয়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দিল্লি হাইকোর্ট।
২০২২ সালে করা অমিতাভের মামলার চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি পুরুষৈন্দ্র কুমার কৌরবের বেঞ্চ এ রায় দেন। এর আগে ২০২২ সালের নভেম্বরে এ বিষয়ে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। এবার সেটিকেই স্থায়ী আদেশে পরিণত করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো ব্যক্তির পরিচিতি ও ব্যক্তিত্ব তার অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় না। বিশেষ করে এমনভাবে ব্যবহার করা যাবে না, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হন বা ওই ব্যক্তি কোনো পণ্য কিংবা সেবার অনুমোদন দিয়েছেন বলে মনে করেন।
মোবাইল অ্যাপ, অনলাইন ডোমেইন, পোস্টার বিক্রি ও কুইজ বইয়ের মাধ্যমে অমিতাভের পরিচিতি অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয়েছিল। মামলার চার বিবাদী আদালতের সঙ্গে সমঝোতায় পৌঁছান।
তাদের মধ্যে ছিলেন একটি ভুয়া ভিডিও কল অ্যাপের নির্মাতা, অনুমতি ছাড়া কুইজ বই প্রকাশকারী, পোস্টার বিক্রেতা এবং একটি ডোমেইনের নিবন্ধক। তারা সংশ্লিষ্ট বিতর্কিত সম্পদ হস্তান্তর করেন এবং ভবিষ্যতে অমিতাভের পরিচিতি ব্যবহার না করার অঙ্গীকার করেন। এরপর তাদের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণের দাবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অন্যদিকে, আরো চার বিবাদী আদালতে হাজির হননি এবং লিখিত জবাবও দেননি। তাদের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধির অর্ডার ৮, রুল ১০ অনুযায়ী রায় দেন আদালত।
ডিজিটাল মাধ্যমে পরিচিত ব্যক্তিদের নাম-ছবি ও কণ্ঠস্বরের অপব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত অজ্ঞাতপরিচয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। ফলে ভবিষ্যতে কেউ অনুমতি ছাড়া অমিতাভের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করলে তার বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে অভিনেতার।
বিপি > এসপি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি