অবৈধভাবে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা: ৮ ‘বাংলাদেশি’ আটক
বাংলাপ্রেস ডেস্ক: মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে অনুপ্রবেশের সময় ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। গত সোমবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে জাকার্তা পোস্ট।
দুমাই শহরের পশ্চিম দুমাই জেলার পুরনামা এলাকার পানতাই পুরনামা উপকূলে পৌঁছানোর সময় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে আটজন ইন্দোনেশিয়ার এবং আটজন বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে দুই ইঞ্জিনের একটি স্পিডবোট ব্যবহার করেছিলেন তারা।
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
আগুং বলেন, ‘গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে তাদের পথরোধ, নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশ দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত।
অভিযানে নৌঘাঁটির ‘কুইক রেসপন্স টিম’ ছাড়াও নৌবাহিনীর আরও কয়েকটি ইউনিট অংশ নেয়। এর মধ্যে ছিল ১ নম্বর আঞ্চলিক নৌ কমান্ডের (কোদায়েরাল-১/বেলাওয়ান) সমুদ্র গোয়েন্দা ইউনিট ‘ইনটেলমার’ এবং ১ নম্বর নৌবহর কমান্ডের (কোয়ারমাদা-১) ইনটেলমার অপারেশনস টাস্কফোর্স।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঘুস নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যাওয়ার তথ্য ভারতের জানা নেই: নয়া দিল্লি
সঙ্গীত একাডেমি