৪ মে ২০২৬

নয়া পল্টনে জনসভা থেকে খালেদার মুক্তি দাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নয়া পল্টনে জনসভা থেকে খালেদার মুক্তি দাবি

বাংলাপ্রেস অনলাইন:নানা স্থান থেকে মিছিল আর ব্যানার-ফেস্টুনের স্লোগানে খালেদা জিয়ার মুক্তির দাবি নিয়ে ঢাকার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসভায় যোগ দিয়েছে দলটির কর্মীরা।দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার দুপুরের পর এই জনসভা করে বিএনপি। প্রায় দেড় মাস পর ২৩টি শর্তে তাদের এই সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বেলা ২টায় কুরআন তিলওয়াতের মধ্য দিয়ে শুরুর পর জনসভায় প্রথম বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন। এরপর বক্তব্য দেন টাঙ্গাইলের সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসান।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ট্রাকের উপর সমাবেশের মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চের ব্যানারে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি।জনসভা শুরুর আগে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা দলীয় সঙ্গীতসহ খালেদা জিয়াকে নিয়ে লেখা গান পরিবেশন করে হাজার হাজার নেতা-কর্মীদের উৎসাহিত করেন।জাসাসের গাজী মাজহারুল আনোয়ার, আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, মামুন আহমেদ, হেলাল খান, মনিরুজ্জামান মুনির, আবু সালেহ, মুনির খান এই অনুষ্ঠান সমন্বয় করেন।

সমাবেশে যোগ দিতে দুপুরের আগে থেকে মিছিল আসতে শুরু করে নয়া পল্টনে। বেলা আড়াইটায় ফকিরাপুল থেকে কাকরাইল নাইটিঙ্গেল মোড় পর্যন্ত এলাকা বিস্তৃত হয় সমাবেশ। বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল।রোদের মধ্যে বসে নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে সরব রাখেন সমাবেশ।মিরপুরের পল্লবী থেকে আসা মহিলা দলের আয়শা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক কষ্ট করে জনসভায় এসেছি। অনেক জায়গায় গাড়ি কমিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা জনসভায় না আসতে পারি। তারপরও মানুষের স্রোত ওরা ঠেকাতে পারেনি।”

সূত্রাপুর থেকে আসা যুবদলকর্মী আরিফুর রহমান বলেন, “আমরা দেশনেত্রীর মুক্তির দাবিতে কর্মসূচি চাই। এভাবে নেত্রী জেলে থাকবে আর আমরা বাইরে থাকব, এটা হতে পারে না।”শ্যামপুর থেকে আসা বিএনপিকর্মী সাদেকুর রহমান বলেন, “আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই।”কারাবন্দি আবদুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, মফিকুল হাসান তৃপ্তিসহ আটক নেতাদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে তাদের সমর্থকরা যোগ দিয়েছেন সমাবেশে। মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নেতাদের ছবি নিয়েও তাদের সমর্থকরা জনসভায় আসেন।

সমাবেশ ঘিরে দুপুর থেকে ফকিরাপুল মোড় ও কাকরাইল মোড়সহ বিভিন্ন গলিতে পুলিশ ও সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। সমাবেশেস্থলের বাইরে রাখা ছিল জলকামানের গাড়ি, সাঁজোয়া যান ও প্রিজন ভ্যান।১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপি যখন গঠিত হয়, তখনও সেনাপ্রধানের দায়িত্বে অর্থাৎ সরকারি চাকরিতে ছিলেন তিনি।১৯৮১ সালে জিয়া নিহত হওয়ার পর থেকে দলটির নেতৃত্ব দিয়ে আসছেন খালেদা জিয়া।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতেই প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ করতে হচ্ছে বিএনপিকে। বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি