৫ মে ২০২৬

নতুন মামলা দায়ের করেছেন নিউ ইয়র্কের ভোটাররা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৪ পিএম
নতুন মামলা দায়ের করেছেন নিউ ইয়র্কের ভোটাররা

নোমান সাবিত: কয়েকজন নিউইয়র্কের ভোটার সোমবার একটি মামলা দায়ের করেছেন, যার লক্ষ্য এম্পায়ার স্টেটের কংগ্রেসনাল মানচিত্র বাতিল করা—বিশেষ করে রিপাবলিকান কংগ্রেসওম্যান নিকোল মালিয়োটাকিসের প্রতিনিধিত্ব করা আসনটি নিয়ে। ডেমোক্র্যাটরা ২০২৬ সালের আগে রিপাবলিকানদের পুনর্বিন্যাস প্রচেষ্টার পাল্টা পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নিচ্ছে।

ডেমোক্র্যাটপন্থী আইন সংস্থা ইলিয়াস ল’ গ্রুপ দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, “স্টেটেন আইল্যান্ডের কৃষ্ণাঙ্গ ও লাতিনো ভোটারদের নিউইয়র্কের ১১তম কংগ্রেসনাল জেলায় নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার এবং নির্বাচনে প্রভাব বিস্তার করার সুযোগ অন্যদের তুলনায় কম,” যা রাজ্যের সংবিধান লঙ্ঘন করছে।

মামলায় বলা হয়েছে, বর্তমান মানচিত্রে কৃষ্ণাঙ্গ ও লাতিনো জনগোষ্ঠীর উল্লেখযোগ্য বৃদ্ধি এবং শ্বেতাঙ্গ জনসংখ্যার হ্রাস বিবেচনায় নেওয়া হয়নি। সংশ্লিষ্ট জেলা দক্ষিণ ব্রুকলিনের কিছু অংশ এবং পুরো স্টেটেন আইল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

ভোটাররা দাবি করছেন, নিউইয়র্ক ডেমোক্র্যাটদের পাস করা বর্তমান কংগ্রেসনাল মানচিত্রটি বাতিল করে ১১তম জেলা নতুনভাবে আঁকতে হবে, যাতে স্টেটেন আইল্যান্ডকে লোয়ার ম্যানহাটনের ভোটারদের সঙ্গে যুক্ত করে একটি সংখ্যালঘু প্রভাবশালী জেলা (minority influence district) তৈরি করা যায়, যা প্রচলিত পুনর্বিন্যাস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

রিপাবলিকান নিকোল মালিয়োটাকিস এক বিবৃতিতে মামলাটিকে “তুচ্ছ ও হাস্যকর” বলে সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকার সীমানা প্রথমে আদালত নিযুক্ত বিশেষ কর্মকর্তার মাধ্যমে নির্ধারিত হলেও পরে তা ডেমোক্র্যাট এবং রাজ্যের পুনর্বিন্যাস কমিশন দ্বারা অনুমোদিত হয়েছিল।

তিনি বলেন, “এটি এক উগ্রদলীয় ওয়াশিংটনভিত্তিক আইন সংস্থার ভয়াবহ অপব্যবহার, যারা জাতীয় ডেমোক্র্যাট পার্টির নির্দেশে আদালতকে ব্যবহার করে আগামী নির্বাচনে নিজেদের পক্ষে ভারসাম্য ঝুঁকিয়ে দিতে চায়।”

এই মামলা এমন এক সময়ে দায়ের করা হয়েছে যখন প্রেসিডেন্ট ট্রাম্প মালিয়োটাকিসের পুনর্নির্বাচনকে সমর্থন ঘোষণা করেছেন। মামলাটি নিউইয়র্কে ২০২৬ সালের আগেই কংগ্রেসনাল মানচিত্র পুনরায় আঁকার পথ খুলে দিতে পারে, যদিও সাধারণত রাজ্যকে মধ্য-মেয়াদে মানচিত্র পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন করতে হয়। সেক্ষেত্রে নতুন মানচিত্র কার্যকর হতে পারত সর্বোচ্চ ২০২৮ সালে। তবে আদালতের মাধ্যমে গেলে ডেমোক্র্যাটরা এই সাংবিধানিক জটিলতা এড়িয়ে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগেই নতুন মানচিত্র পেতে পারেন বলে আশা করছেন।

তবে এটি ডেমোক্র্যাটদের জন্য নিশ্চয়তা নয়। আদালত ২০২২ সালে ডেমোক্র্যাটদের মানচিত্র বাতিল করেছিল ‘গেরিম্যান্ডারিং’-এর অভিযোগে এবং পরিবর্তে আদালত নিযুক্ত বিশেষ কর্মকর্তাকে নতুন মানচিত্র আঁকার দায়িত্ব দিয়েছিল।

ডেমোক্র্যাটরা গত বছর নতুন মানচিত্র পাস করে, যাতে কিছু ডেমোক্র্যাট ও রিপাবলিকান আসন শক্তিশালী হয়েছিল। নতুন মামলাটি কার্যত ইঙ্গিত দেয় যে, গত বছর মানচিত্র পুনর্নির্ধারণে ডেমোক্র্যাটরা ভুল করেছে।

নিউইয়র্ক রাজ্যের রিপাবলিকান পার্টির চেয়ারম্যান এড কক্স এক বিবৃতিতে মামলাটিকে কঠোরভাবে সমালোচনা করে বলেন, “এই মামলাটি সেই একই আইনজীবীদের দ্বারা আনা হয়েছে যারা ২০২২ সালে অসাংবিধানিক রাজ্য গেরিম্যান্ডার রক্ষার চেষ্টা করেছিল। এখন তারা আবারও ১৪তম সংশোধনীর সমান সুরক্ষা ধারার লঙ্ঘন করে এক প্রকাশ্য জাতিগত গেরিম্যান্ডার করতে চাইছে।”

তিনি আরও বলেন, “সবাই বুঝতে পারছেন এটি কী- ভোটারদের ইচ্ছার বিরুদ্ধে এনওয়াই-১১ আসনে একজন ডেমোক্র্যাট নির্বাচিত করানোর নগ্ন প্রচেষ্টা।”

হোয়াইট হাউস ইতোমধ্যেই বেশ কয়েকটি রিপাবলিকান-শাসিত রাজ্যকে ২০২৬ সালের আগে তাদের কংগ্রেসনাল মানচিত্র পুনরায় আঁকার আহ্বান জানিয়েছে, যাতে রিপাবলিকানরা তাদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করতে না পারে। এরই মধ্যে ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন সোমবার ঘোষণা করেছেন যে তিনি পুনর্বিন্যাস নিয়ে একটি বিশেষ অধিবেশন আহ্বান করবেন।

বর্তমানে ক্যালিফোর্নিয়াই একমাত্র ডেমোক্র্যাট-শাসিত রাজ্য যেখানে নতুন মানচিত্রের সম্ভাবনা রয়েছে, যা অন্য রাজ্যগুলোতে রিপাবলিকানদের কিছু অর্জন মুছে দিতে পারে। ডেমোক্র্যাটরা উটাহ রাজ্যেও কিছু আসনে সুবিধা পেতে পারেন বলে আশা করছেন।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি