৮ নভেম্বর ২০২৬

নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নারী হত্যার ঘটনায় পুলিশের সাবেক কর্মকর্তা অভিযুক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নারী হত্যার ঘটনায় পুলিশের সাবেক কর্মকর্তা অভিযুক্ত

সায়েদ মোহাসিব ও কেটি সুয়ারেজ

মিনারা হেলেন: নিউ ইয়র্কের ব্রুকলিনে দৌড়ানোর সময় গলায় ছুরিকাঘাতে নিহত ২৮ বছর বয়সী কেটি সুয়ারেজের মৃত্যুর ঘটনায় এক সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। গত ৩০ অক্টোবর তাঁর ওপর হামলা হয়।
নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) দেওয়া এবং পিপল সাময়িকীর হাতে পাওয়া বিবৃতি অনুযায়ী, শনিবার, ৭ নভেম্বর সায়েদ মোহাসিবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা, আলামত নষ্ট করা এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।
এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, হামলাস্থলের আশপাশের নজরদারি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে তদন্তকারীরা ২৭ বছর বয়সী মোহাসিবকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুয়ারেজকে হত্যার রাতে মোহাসিবকে তাঁর বাসার কাছে আবর্জনার ব্যাগ ফেলতে দেখা গেছে বলেও অভিযোগ রয়েছে।
এনবিসি নিউজ ও এবিসি সেভেনের বরাতে পুলিশ সূত্র জানিয়েছে, মোহাসিব কর্তৃপক্ষকে বলেছেন, সুয়ারেজের ওপর হামলা করার কথা তাঁর মনে নেই; তবে তিনি নিজেকে রক্তমাখা অবস্থায় দেখতে পান। এই মুহূর্তে মোহাসিবের পক্ষে কোনো আইনজীবী নিযুক্ত আছেন কি না, তা স্পষ্ট নয়।
এনবিসি নিউজ, এবিসি সেভেন ও নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, মোহাসিব সর্বশেষ ব্রুকলিনের একটি প্রাথমিক বিদ্যালয়ে সহায়ক কর্মী হিসেবে কাজ করতেন।
পোস্টের প্রতিবেদনে ওই বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেছে, কথিত হত্যাকাণ্ডের সপ্তাহে মোহাসিবের আচরণ কিছুটা অস্বাভাবিক মনে হয়েছিল।
শিক্ষার্থীটি বলে, তিনি কিছুটা—কীভাবে বলব জানি না—অদ্ভুত আচরণ করছিলেন। একটু অস্বাভাবিক লাগছিল।
আরও দুই শিক্ষার্থী দাবি করেছে, তারা মোহাসিবকে নিজের সঙ্গে কথা বলতে দেখেছে। তাদের একজন পোস্টকে বলেছে, তাঁকে 'বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত' মনে হচ্ছিল।
নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি পিপলকে নিশ্চিত করেছেন, মোহাসিব বিভাগটির কর্মী। তবে তিনি কোন পদে কাজ করতেন, তা ওই প্রতিনিধি উল্লেখ করেননি।
পিপলকে দেওয়া বিবৃতিতে প্রতিনিধি বলেন, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা ওই ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছি এবং দোষী সাব্যস্ত হওয়ার ফলাফলের ভিত্তিতে তাঁর চাকরি অবসানের ব্যবস্থা নেব। তদন্তে এনওয়াইপিডিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করছি।'
প্রতিনিধি আরও জানান, বিভাগটি বিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সহায়তা ও সেবা দিচ্ছে।
এনবিসি নিউজ ও এবিসি সেভেনের বরাতে তাঁর কর্মজীবন সম্পর্কে অবগত একটি পুলিশ সূত্র জানিয়েছে, মোহাসিব ২০২২ সালে এনওয়াইপিডিতে কাজ করতেন। তবে প্রায় এক মাস দায়িত্ব পালনের পর সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য বদলির আবেদন করেন। সূত্রটির ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগের কারণে তাঁকে সামরিক চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
ওই সূত্র আরও জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারিতে মোহাসিব এনওয়াইপিডিতে পুনরায় যোগ দেওয়ার আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয়।
এনওয়াইপিডির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত প্রায় ৮টা ১৫ মিনিটে ব্রুকলিনের শোর পার্কওয়ের জলতীরবর্তী পথে দৌড়ানোর সময় সুয়ারেজের গলায় দুবার ছুরিকাঘাত করা হয়।
তাঁকে এনওয়াইইউ ল্যাঙ্গোন হসপিটাল–ব্রুকলিনে নেওয়া হয়। তবে তিন দিন পর আঘাতজনিত কারণে তাঁর মৃত্যু হয়।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ ও নিউ ইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, টিডি ব্যাংকের টেলার ও ব্রুকলিন কলেজের স্নাতক সুয়ারেজ সেদিন সন্ধ্যায় দৌড় শেষ করে বাবা-মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন।
নির্ধারিত স্থানে না পৌঁছানো এবং ফোনের উত্তর না দেওয়ায় তাঁর বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন।
ডেইলি নিউজের বরাতে এনওয়াইপিডির গোয়েন্দাপ্রধান জোসেফ কেনি বলেন, 'তিনি ছিলেন পরিবার ও কাজের প্রতি নিবেদিত একজন মানুষ—সমাজের একজন কর্মঠ, চমৎকার সদস্য। দুর্ভাগ্যজনকভাবে তাঁর সঙ্গে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ঘটনাটি এলোপাতাড়ি হামলা বলেই মনে হচ্ছে। ওই নির্দিষ্ট সময়ে তিনি সেখানে দৌড়াচ্ছিলেন, তা অন্য কারও জানার কথা নয়।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি