৫ মে ২০২৬

প্রতারণার আশঙ্কায়

নিউ ইয়র্কসহ পাঁচ অঙ্গরাজ্যের সামাজিক সেবা ও শিশু পরিচর্যা তহবিল বন্ধ করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ১০:০২ পিএম
নিউ ইয়র্কসহ পাঁচ অঙ্গরাজ্যের সামাজিক সেবা ও শিশু পরিচর্যা তহবিল বন্ধ করলেন ট্রাম্প

নোমান সাবিত: প্রতারণার আশঙ্কায় যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত পাঁচ অঙ্গরাজ্যের জন্য বরাদ্দ খাতে ১০ বিলিয়ন ডলারের বেশি তহবিল বন্ধ করে দিচ্ছে ট্রাম্প প্রশাসন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাদের উদ্বেগ, এসব সুবিধার অর্থ প্রতারণার মাধ্যমে অ-নাগরিকদের কাছে পৌঁছেছে।

স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) চাইল্ড কেয়ার ডেভেলপমেন্ট ফান্ড (সিসিডিএফ), টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিজ (টিএএন এফ) এবং সোশ্যাল সার্ভিসেস ব্লক গ্রান্ট কর্মসূচি থেকে করদাতাদের অর্থ স্থগিত করবে।

এর ফলে অন্তত ৭.৩৫ বিলিয়ন ডলারের টিএএন এফ তহবিল ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ইলিনয়, মিনেসোটা ও নিউ ইয়র্কেও বন্ধ হবে। পাশাপাশি সোশ্যাল সার্ভিসেস ব্লক গ্রান্ট তহবিল থেকেও অতিরিক্ত ৮৬৯ মিলিয়ন ডলার এই পাঁচটি অঙ্গরাজ্যের জন্য আটকে রাখা হচ্ছে।

সোমবার প্রতিটি অঙ্গরাজ্যে পাঠানো চিঠির মাধ্যমে এই তহবিল স্থগিতের সিদ্ধান্ত জানানো হবে বলে কর্মকর্তারা জানান। চিঠিতে উল্লেখ করা হবে—সুবিধাগুলো প্রতারণার মাধ্যমে অ-মার্কিন নাগরিকদের কাছে গেছে কি না, সে বিষয়ে উদ্বেগ রয়েছে।

এইচএইচএস-এর অফিস অব ইনস্পেক্টর জেনারেল ছয় বছরেরও বেশি আগে জানতে পারে যে নিউইয়র্ক সিটি ফেডারেল সরকারের কাছে ভুলভাবে ২ কোটি ৪৭ লাখ ডলারের বেশি শিশু পরিচর্যা ভর্তুকির বিল জমা দিয়েছিল।

নিউইয়র্কের ডেমোক্র্যাট সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

এক বিবৃতিতে তিনি বলেন, সরকারি ক্ষমতা ব্যবহার করে সবচেয়ে অসহায় আমেরিকানদের ক্ষতি করা অনৈতিক ও অগ্রহণযোগ্য। এর সঙ্গে প্রতারণার কোনো সম্পর্ক নেই; এটি রাজনৈতিক প্রতিশোধ, যার শিকার হচ্ছে সহায়তা-প্রয়োজনী দরিদ্র শিশুরা। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দাবি জানাই—এই তহবিল অবিলম্বে মুক্ত করা হোক এবং আমাদের শিশুদের ওপর এই নির্লজ্জ আক্রমণ বন্ধ করা হোক।

এর আগে ডিসেম্বরে এইচএইচএস মিনেসোটার গভর্নর টিম ওয়াল্‌জ এবং মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেকে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিল করদাতাদের বিলিয়ন ডলার কি বেআইনিভাবে 'অবৈধ ও গণহারে অভিবাসনকে উৎসাহিত করতে' ব্যবহৃত হয়েছে কি না।

এরপর এই ক্রমবর্ধমান প্রতারণা কেলেঙ্কারি নিয়ে ট্রেজারি বিভাগ ও হাউস ওভারসাইট কমিটিও তদন্ত শুরু করে। এ কেলেঙ্কারিতে টুইন সিটিজ অঞ্চলের সোমালি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত একাধিক অলাভজনক সংস্থা জড়িত বলে অভিযোগ।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত মিনেসোটায় প্রায় ১ লাখ ৩০ হাজার অবৈধ অভিবাসী বাস করছিল যা ২০১৯ সালের তুলনায় প্রায় ৪০ হাজার বেশি এবং রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ।

মিনেসোটায় সোমালি প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা ১ লাখেরও বেশি, যাদের বেশিরভাগই মিনিয়াপোলিস–সেন্ট পল এলাকায় বসবাস করেন।

ফেডারেল কৌঁসুলিরা ইতিমধ্যে ‘ফিডিং আওয়ার ফিউচার’ নামের সোমালি-সংযুক্ত একটি সংস্থার মাধ্যমে চুরি হওয়া ২৫০ মিলিয়ন ডলারের তহবিল-সংক্রান্ত মামলায় বহু দোষী সাব্যস্তের রায় আদায় করেছেন। অভিযোগ রয়েছে, এসব অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ও রিয়েল এস্টেট কেনা হয়েছে।

তবে মিনেসোটার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি জো থম্পসন দাবি করেন, এই প্রতারণার 'পরিসর ভাষায় প্রকাশ করার মতো নয়' এবং জালিয়াতরা প্রায় ৯ বিলিয়ন ডলার পর্যন্ত হাতিয়ে নিয়েছে।

১৮ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে থম্পসন সাংবাদিকদের বলেন, মিনেসোটায় যা দেখছি, তা কয়েকজন খারাপ লোকের অপরাধ নয় এটা বিস্ময়কর, শিল্প-পর্যায়ের প্রতারণা।

ইউটিউবার নিক শার্লি চাপ আরও বাড়ান তিনি রাজ্যের প্রায় ১০টি শিশু পরিচর্যা কেন্দ্র পরিদর্শন করেন, যেগুলো করদাতাদের ১১১ মিলিয়ন ডলার নিয়েছে। মিনেসোটা স্টার ট্রিবিউন-এর পরবর্তী প্রতিবেদনে নিশ্চিত করা হয়, এর প্রায় অর্ধেক কেন্দ্রই খোলা ছিল বলে মনে হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে গভর্নর টিম ওয়াল্‌জ প্রতারণা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। একই সঙ্গে তিনি গভর্নর পদে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন করতে না পারলে আমরা কার্যকরভাবে কর্মসূচি ও সেবা দিতে পারি না। এরপর তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার 'ওয়াশিংটনের মিত্রদের' সমালোচনা করেন।

তিনি যোগ করেন, আমরা প্রতারকদের বিরুদ্ধে লড়াইয়ে জিতব, কিন্তু রিপাবলিকানদের রাজনৈতিক কৌশল সেই লড়াইকে আরও কঠিন করে তুলছে।

সোমবার ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প পাল্টা আক্রমণ করেন। তিনি লেখেন, মিনেসোটার দুর্নীতিগ্রস্ত গভর্নর হয়তো মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়বেন, আর যাই হোক, তিনি আর প্রার্থী হবেন না কারণ তিনি ইলহান ওমর ও তার সোমালি বন্ধুদের সঙ্গে করদাতাদের দশ বিলিয়ন ডলার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন।

ট্রাম্প আরও বলেন, আমি নিশ্চিত সত্য বেরিয়ে আসবে, আর তা প্রকাশ করবে একদল চরম অসাধু ও ধনী ‘নোংরা লোকের’ চেহারা।'

তিনি যোগ করেন, গভর্নর ওয়াল্‌জ মিনেসোটা ধ্বংস করেছেন, কিন্তু গভর্নর গ্যাভিন নিউসাম, জে বি প্রিটজকার ও ক্যাথি হোকুল—আমার মতে—এর চেয়েও বেশি অসৎ ও অদক্ষ কাজ করেছেন। আইনের ঊর্ধ্বে কেউ নয়!

কলোরাডোর গভর্নর জ্যারেড পোলিসের এক মুখপাত্র বলেন, এই তহবিলের পরিবর্তন সম্পর্কে রাজ্যকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে যদি খবরটি সত্য হয়, তাহলে ফেডারেল সরকারের এভাবে সবচেয়ে অসহায় পরিবার ও শিশুদের লক্ষ্য করা ভয়াবহ হবে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের প্রশাসনের এক প্রতিনিধি বলেন, রাজ্য এখনো তহবিল পরিবর্তন সংক্রান্ত কোনো দিকনির্দেশনা পায়নি। তবে তারা সব শিশু পরিচর্যা ভর্তুকি পরিশোধের স্বচ্ছতা ও সততা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তহবিলের সম্ভাব্য অপব্যবহারকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।

নিউ ইয়র্ক, ইলিনয় ও মিনেসোটার গভর্নরদের প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি