৬ মে ২০২৬

নিউ ইয়র্কের ৭৫ হাজার বাসিন্দার চিকিৎসা ঋণ মওকুফ করলেন সিটি মেয়র অ্যাডামস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০১:০৩ পিএম
নিউ ইয়র্কের ৭৫ হাজার বাসিন্দার চিকিৎসা ঋণ মওকুফ করলেন সিটি মেয়র অ্যাডামস

মিনারা হেলেন: নিউ ইয়র্ক সিটির ৭৫ হাজারেরও বেশি বাসিন্দার প্রায় ১৩৫ মিলিয়ন ডলারের চিকিৎসা ঋণ বাতিল করা হয়েছে বলে বুধবার ঘোষণা করেছেন সিটি মেয়র এরিক অ্যাডামস।

চিকিৎসা ঋণ বাতিল করা ছিল গত বছর অ্যাডামসের স্টেট অব দ্য সিটি ভাষণে উল্লেখ করা অন্যতম প্রধান অঙ্গীকার। গত বছর তিনি ১৮ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যার মাধ্যমে তিন বছরের মধ্যে নিউ ইয়র্কের প্রায় পাঁচ লাখ কর্মজীবী মানুষের অন্তত কিছু চিকিৎসা ঋণ মওকুফ করা হবে। এই উদ্যোগের আওতায় মোট প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে বলে অনুমান করা হচ্ছে।

Debt.org-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চিকিৎসা ঋণই দেউলিয়া ঘোষণার অন্যতম প্রধান কারণ। অ্যাডামস বলেন, চিকিৎসা ঋণের ভার সবচেয়ে বেশি পড়ে বীমাবিহীন, স্বল্পবীমা প্রাপ্ত ও নিম্নআয়ের পরিবারগুলোর ওপর।

এক বিবৃতিতে অ্যাডামস বলেন, চিকিৎসা ঋণ শুধু আর্থিক বা মানসিক চাপের কারণই নয়, এটি অনেক মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়ার পথে বড় বাধা।

অ্যাডামস বলেন, কর্মজীবী নিউ ইয়র্কবাসীদের অসুস্থ হলে দেউলিয়া হওয়ার ভয়ে বাঁচতে হবে না, আমাদের প্রশাসনের কারণে তারা এখন থেকে সেই ভয় থেকে মুক্ত। আমরা গর্বিত যে, নিউ ইয়র্কবাসীদের চিকিৎসা ঋণ বিলোপের উদ্যোগে আরেকটি মাইলফলক স্পর্শ করতে পেরেছি।

এই উদ্যোগে সিটি প্রশাসন অংশীদার হয়েছে আন্ডু মেডিকেল ডেট নামে নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত একটি জাতীয় অলাভজনক সংস্থার সঙ্গে, যা যুক্তরাষ্ট্রজুড়ে চিকিৎসা ঋণের বোঝা লাঘবের কাজ করে। সংস্থাটি অনুদান দিয়ে হাসপাতাল ও বাণিজ্যিক ঋণ ক্রেতাদের কাছ থেকে চিকিৎসা ঋণের প্যাকেজ কিনে তা মওকুফ করে। এখন পর্যন্ত তারা নিউ ইয়র্কের চিকিৎসা ঋণ সহায়তার জন্য ৩১ হাজার ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

আন্ডু মেডিকেল ডেট-এর প্রেসিডেন্ট ও সিইও অ্যালিসন সেসো বলেন, স্বাস্থ্যসেবার আর্থিক বাধা দূর করা এখন আগের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ পরিবারগুলোকে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ দেবে এবং তাদের আর্থিক ধ্বংসের ভয় ছাড়াই আবার স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে সহায়তা করবে।

এই কর্মসূচির জন্য কোনো আবেদন প্রক্রিয়া নেই যাদের ঋণ মওকুফ হবে, তাদের আন্ডু মেডিকেল ডেট সংস্থা সরাসরি জানিয়ে দেবে। এটি একটি এককালীন ঋণমুক্তি কর্মসূচি, যা তিন বছর চলবে।

এই ঘোষণা আসে তখন, যখন মেয়র অ্যাডামস শহরজুড়ে এনওয়াইসি স্বাস্থ্য+হাসপাতাল নেটওয়ার্কের বিভিন্ন স্থানে ভোক্তা ও শ্রমিক সুরক্ষা বিভাগ (ডিসিডাব্লিউপি) পরিচালিত আটটি এনওয়াইসি ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট সেন্টার উদ্বোধন করেন। এসব কেন্দ্রের লক্ষ্য হলো নাগরিকদের আর্থিক পরিকল্পনায় সহায়তা করা, যাতে ভবিষ্যতে তারা চিকিৎসা ঋণের ফাঁদে না পড়েন।

এনওয়াইসি স্বাস্থ্য+হাসপাতাল-এর ভাইস প্রেসিডেন্ট ও চিফ পপুলেশন হেলথ অফিসার ডা. নিকোলা ডেভিস বলেন, আর্থিক চাপ আমাদের রোগীদের অ-চিকিৎসাজনিত সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি, এবং সম্পদ ও স্বাস্থ্যের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফাইন্যান্সিয়াল এম্পাওয়ারমেন্ট সেন্টারের সেবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় নিয়ে এসে আমরা রোগীদের আর্থিক, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ দিচ্ছি। আমাদের রোগীদের আর্থিক চাপ লাঘবে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা মেয়র অ্যাডামস ও ডিসিডাব্লিউপি-র প্রতি কৃতজ্ঞ।

মেয়র অ্যাডামস বলেন, তাঁর প্রশাসন তাদের লক্ষ্য পূরণ না করা পর্যন্ত থামবে না সেই লক্ষ্য হলো নিউ ইয়র্কবাসীদের জন্য ২ বিলিয়ন ডলারের চিকিৎসা ঋণ সহায়তা নিশ্চিত করা।

অ্যাডামস আরও বলেন, দেশের সবচেয়ে বড় পৌর চিকিৎসা ঋণ মওকুফ কর্মসূচির মাধ্যমে এবং নাগরিকদের জন্য আর্থিক সহায়তা সহজলভ্য করে আমরা ঋণমুক্তি ও মানসিক শান্তি আনতে কাজ করছি। একই সঙ্গে মানুষের হাতে অর্থ ফেরত দিয়ে আমাদের শহরকে প্রতিদিন আরও সাশ্রয়ী করে তুলছি।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি