
বাংলাপ্রেস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সামনে রেখে নির্বাচন ভবন উড়িয়ে দেয়া ও কর্মকর্তাদের ওপর হামলার হুমকি দেয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এমন হুমকি দেয়া হচ্ছে। এ ঘটনায় নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাম ও ঠিকানাবিহীন ওই এসএমএস বার্তায় বলা হয়েছে- ‘আল্লাহু আকবার। এই কুফরি নির্বাচন বন্ধ কর অথবা মুজাহিদদের হাতে ভয়ংকর পরিণতির জন্য প্রস্তুত থাক। যে কোনো সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি।’
০১৮৮০৯০৮৭৩০ নম্বর থেকে এ হুমকি পাঠানো হয়েছে।
ইসির একাধিক কর্মকর্তা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সব বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।
এর আগে দশম সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।
বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]