১১ নভেম্বর ২০২৬

নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ: ছয় মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে ‘নগর স্বাস্থ্য মডেল’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৫ পিএম
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ: ছয় মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে ‘নগর স্বাস্থ্য মডেল’

বাংলাপ্রেস ডেস্ক: দেশের প্রায় ছয় কোটি নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী ছয় মাস বিদ্যমান কাঠামোর আওতায় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা চালু থাকবে। এই সময়ের মধ্যে নগরবাসীর চাহিদা বিবেচনায় একটি টেকসই, সাশ্রয়ী ও বহুমুখী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত গতকাল বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা জানান। সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক (বিইউএইচএন) এবং এমিনেন্স যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সভিত্তিক সুনির্দিষ্ট নেটওয়ার্ক রয়েছে। কিন্তু নগরের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্ব দিয়ে ডা. এম এ মুহিত বলেন, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস আগের অংশীদারিত্বমূলক কাঠামোর আওতায় পরিচালিত হবে। এ জন্য প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও টেকসই নগর স্বাস্থ্য মডেল তৈরি করা হবে।

স্বাস্থ্য বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে সরকার বর্তমান বরাদ্দেই সীমাবদ্ধ থাকতে চায় না। আগামী পাঁচ বছরে জাতীয় বাজেটের ৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়ার সুস্পষ্ট রাজনৈতিক অঙ্গীকার রয়েছে।

নগর স্বাস্থ্যসেবাকে শুধু হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো বিষয়গুলোও নগরবাসীর সুস্বাস্থ্যের সঙ্গে জড়িত। তাই এসব বিষয়কে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে নগর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা কাঠামো অন্ধভাবে শহরে অনুসরণ করা যাবে না। নগরবাসীর প্রকৃত স্বাস্থ্য চাহিদা যাচাই করে পরিকল্পনা নিতে হবে। এ ক্ষেত্রে ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড চালু এবং সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিকল্পনা কমিশনে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসতে হবে। তাদের সমন্বিত উদ্যোগে বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী ও বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা দ্রুত প্রণয়ন করা প্রয়োজন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংকের প্রতিনিধি ওয়ামেক রাজা এবং বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি