
মুন্সীগঞ্জ থেকে সংবাদদাতা: মুন্সীগঞ্জে ৭২ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাদের শেখকে গ্রেপ্তার করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শীলমন্দি এলাকার খালে নৌকাযোগে পালিয়ে যাওয়ার সময় সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আনিচুর রহমান জানান, সদর থানায় মামলা করার সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে পূর্ব শীলমন্দির খাল হয়ে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছিলো।
এর আগে এদিন বিকালে মুন্সীগঞ্জ সদর থানায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে মামলা করেন।
অভিযুক্ত কাদের শেখ একই এলাকায় মৃত আমির শেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর ভূইয়ার ভাগ্নে।
মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী বৃদ্ধা বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ পড়ার জন্য ওজু করতে ঘর থেকে বের হন। সেসময় এলাকার চিহ্নিত মাদকসেবী কাদের শেখ কাপড় দিয়ে ওই বৃদ্ধার মুখ চেপে ধরে ধর্ষণ করে। পরে ঘটনা প্রকাশ না করতে ওই বৃদ্ধাকে ১০টি ডিম ও ১০০ টাকা দিয়ে যায়। পাশাপাশি ঘটনা প্রকাশ হলে বৃদ্ধার ছেলেদের হত্যা করা হবে বলেও হুমকি দেয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বৃদ্ধার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তিনি মুন্সীগঞ্জ পৌরসভায় কর্মরত তার এক নিকট আত্মীয়কে বিষয়টি জানান। পরে বিষয়টি পৌর মেয়র ফয়সাল বিপ্লবকে জানালে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বলে জানান ওসি আনিচুর রহমান।
ওসি বলেন, ‘ওই বৃদ্ধাকে নিজ বাড়িতে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল রোববার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পাঠানো হবে।’
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]