মোহাম্মদপুরে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পলাতক গৃহকর্মী
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ওই বাসার গৃহকর্মী পলাতক, তাই হত্যাকাণ্ডে সে জড়িত বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের এক বাসার ৭ তলায় তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন- লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী পলাতক রয়েছে। তাই ধারণা করা হচ্ছে, তাদেরকে হত্যা করে পালিয়ে গেছে ওই গৃহকর্মী।
নিহত লায়লার স্বামী এ জেড আজিজুল ইসলাম উত্তরার একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তিনি বাসা থেকে বের হন। এরপর দুপুর ১২টার দিকে এসে তিনি স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দুটি ধারালো ছুরি বাথরুমের বালতির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসার গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে। তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আমরা কাজ করছি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি