৬ মে ২০২৬

মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ এএম
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা

বাংলাপ্রেস ডেস্ক: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, বিজয়ের আগমুহূর্তে জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। পরিকল্পিতভাবে রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার নৃশংস চেষ্টা চালায়। সেই শোকাবহ স্মৃতি স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৭টার পর রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তাদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা মহানগর নেতৃবৃন্দের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতি যখন নতুন করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই দেশের শত্রুরা হত্যাকাণ্ড ও সহিংসতায় লিপ্ত হয়েছে।’

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার অপচেষ্টা।’

তিনি আরও বলেন, এই দিনে বিএনপির পক্ষ থেকে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথ গ্রহণ করা হয় এবং গণতন্ত্র ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।’

দিবসটিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, মৎস্যজীবী দল (ঢাকা মহানগর উত্তর), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা মহানগর যুবদল, জাতীয়তাবাদী তাঁতী দল, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, গণফোরাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, ভাসানী জনশক্তি পার্টি ও নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের নেতৃবৃন্দও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধপন্থী লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ চিন্তাশীল মানুষদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়, যাতে বাংলাদেশ স্বনির্ভরভাবে দাঁড়াতে না পারে।’

তিনি বলেন, আজও নির্বাচন ও গণতান্ত্রিক অভ্যুত্থান নস্যাৎ করতে পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটছে।

এ সময় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি ১৯৭১, ১৯৪৭ ও ২০২৪ সালের আকাঙ্ক্ষা ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার আহ্বানও জানান।

এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণঅধিকার পরিষদ, বাসদ (মার্কসবাদী), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় জনতা পার্টি, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী কমিউনিস্ট লীগ, আমার বাংলাদেশ (এবি পার্টি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি