পুলিশের বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক
মিনিয়াপলিসে আইসিইর গুলিতে নিহত নারীকেই দুষলেন ট্রাম্প
আবু সাবেত: যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে বুধবার এক আইসিই কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিহত নারীকে দোষারোপ করেন, যা মিনিয়াপলিস পুলিশপ্রধানের দেওয়া বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
ট্রাম্প লেখেন,মিনেসোটার মিনিয়াপলিসে ঘটে যাওয়া ঘটনার ভিডিও ক্লিপ আমি এইমাত্র দেখেছি। এটি দেখা সত্যিই ভয়াবহ। চিৎকার করা নারীটি স্পষ্টতই একজন পেশাদার উসকানিদাতা ছিল এবং যে নারীটি গাড়ি চালাচ্ছিল, সে ছিল বিশৃঙ্খল, বাধাদানকারী ও প্রতিরোধকারী। এরপর সে সহিংসভাবে, ইচ্ছাকৃতভাবে ও নির্মমভাবে আইসিই কর্মকর্তার ওপর গাড়ি তুলে দেয়। কর্মকর্তাটি আত্মরক্ষায় গুলি করেছে বলেই মনে হয়।
ট্রাম্প আরও দাবি করেন,সংযুক্ত ভিডিও দেখে বিশ্বাস করা কঠিন যে তিনি (কর্মকর্তা) বেঁচে আছেন, তবে এখন হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এ ধরনের ঘটনা ঘটছে কারণ ‘র্যাডিকাল লেফট’ প্রতিদিন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিই এজেন্টদের হুমকি দিচ্ছে, আক্রমণ করছে এবং নিশানা বানাচ্ছে। তারা কেবল আমেরিকাকে নিরাপদ করার কাজটিই করছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই সহিংসতা ও ঘৃণার র্যাডিকাল আন্দোলন থেকে রক্ষা করতে হবে।
তবে এর কয়েক ঘণ্টা আগেই সংবাদ সম্মেলনে মিনিয়াপলিস পুলিশপ্রধান ব্রায়ান ও’হারা ভিন্ন তথ্য দেন। তিনি বলেন,আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি, এক নারী মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। সিপিআরসহ জীবনরক্ষাকারী ব্যবস্থা নেওয়া হয়। তাঁকে হেনেপিন কাউন্টি মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন,প্রাথমিক তথ্যে জানা যায়, ওই নারী তাঁর গাড়িতে ছিলেন এবং শহরের পোর্টল্যান্ড অ্যাভিনিউতে ৩৩তম ও ৩৪তম স্ট্রিটের মাঝামাঝি রাস্তা আটকে রেখেছিলেন। একসময় একজন ফেডারেল আইনশৃঙ্খলা কর্মকর্তা হেঁটে তাঁর কাছে যান এবং তখন গাড়িটি চলতে শুরু করে। অন্তত দুটি গুলি ছোড়া হয়। এরপর গাড়িটি রাস্তার পাশে গিয়ে ধাক্কা খায়। মিনিয়াপলিস পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং আলামত সংরক্ষণে সহায়তা করে।
ট্রাম্পের বক্তব্য ও পুলিশপ্রধানের বর্ণনার মধ্যে স্পষ্ট অমিল থাকায় ঘটনাটি নিয়ে নতুন করে বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি