মেসি-কাসেমিরো-লেভান্ডভস্কির নৈপুণ্যের ম্যাচে মিয়ামির সমতা
বাংলাপ্রেস ডেস্ক: এমএলএসে শিকাগো ফায়ারের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি। স্বাগতিকদের হয়ে প্রথমার্ধে গোল করেন রবার্ট লেভান্ডভস্কি। দ্বিতীয়ার্ধে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান কাসেমিরো।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল শিকাগো। মাত্র ১০ মিনিটেই লিড পেয়ে যায় তারা। অ্যান্ড্রু গুটম্যান মিয়ামির ইয়ান ফ্রের গতিপথ বদলে জায়গা তৈরি করে ক্রস করেন। সেই বল উঁচু করে পা তুলে জালে পাঠান ৩৮ বছর বয়সি লেভান্ডভস্কি। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন পোলিশ স্ট্রাইকার। নয় ম্যাচে এটি তার ষষ্ঠ গোল।
গোল হজমের পর দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা করে মিয়ামি। ২৩ মিনিটে দূরপাল্লার শটে মেসি গোলরক্ষক ক্রিস ব্র্যাডিকে ব্যস্ত রাখলেও গোল আদায় করতে পারেননি। প্রথমার্ধের শেষদিকে, ৪১ মিনিটেও দারুণ সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা, কিন্তু সেটিও কাজে লাগেনি।
বিরতির পর অবশ্য আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মিয়ামিকে। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নারে নিখুঁত হেড করে বল জালে পাঠান কাসেমিরো। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের জন্য এটি টানা তৃতীয় ম্যাচে গোল।
এর কিছুক্ষণ আগেই অবশ্য বড় বিপদ থেকে বেঁচে যায় শিকাগো। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে ঢুকে যাওয়ার মুহূর্তে দুর্দান্ত ক্লিয়ারেন্সে দলকে রক্ষা করেন নোয়া অ্যালেন। মজার বিষয়, মাত্র এক সপ্তাহ আগেই ধারে শিকাগোতে যোগ দিয়েছেন এই ডিফেন্ডার। এর আগে মিয়ামির জার্সিতে লিগে ৯০ ম্যাচ খেলেছিলেন তিনি।
সমতায় ফেরার পর জয়ের জন্য দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় ম্যাচ শেষ হয়।
এই ড্রয়ের ফলে টানা চার ম্যাচে সমতায় মাঠ ছাড়ল শিকাগো ফায়ার। একই সঙ্গে তাদের অপরাজিত থাকার ধারাও বেড়ে দাঁড়িয়েছে সাত ম্যাচে। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বেশ ভালো অবস্থানেই আছে তারা।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে কিছুটা ছন্দ হারিয়েছে ইন্টার মিয়ামি। শেষ সাত ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে মেসির দল। এ সময়ে দুটি ম্যাচে হেরেছে এবং চারটি ম্যাচ ড্র করেছে তারা। তবে ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষ সারির অবস্থান ধরে রেখেছে মিয়ামি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি