মাথায় গুরুতর আঘাত পাওয়া আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
বাংলাপ্রেস ডেস্ক: স্বপ্ন পূরণের লক্ষ্যে ফুটবল মাঠে ছুটে বেড়ানোর বয়সে থেমে গেল সবকিছু। মাত্র ১৮ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রতিভাবান ফুটবলার আবেল নুনেজ।
গত বৃহস্পতিবার মাথায় আঘাত পাওয়ার পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন নুনেজ। তবে এবার জীবনের লড়াইয়ে জিততে পারেননি তিনি। অস্ত্রোপচার পরেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।
আর্জেন্টিনার যুব ফুটবলে এফসি এজেইজার হয়ে খেলতেন নুনেজ। পাশাপাশি নিউভা এস্ত্রেয়া ক্লাবের রিজার্ভ দলের হয়ে ফুটসালও খেলতেন তিনি। বৃহস্পতিবার এএফএ যুব সি টুর্নামেন্টের পঞ্চম বিভাগের ম্যাচে দেপোর্তিভো মুনিয়েজের মুখোমুখি হয়েছিল এফসি এজেইজা। ম্যাচটি চলছিল ক্লাব আতলেতিকো লা সোনিয়ার মাঠে।
এ সময় প্রতিপক্ষের শট সরাসরি নুনেজের মাথায় আঘাত হানে।
মাঠেই নুনেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারও করানো হয়। কিন্তু কিছুতেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না তার। পরে আর হলোই না।
শোকের সংবাদ দিয়ে রবিবার না ফেরার দেশেই পাড়ি জমালেন তিনি। এফসি এজেইজা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়ে লিখেছে, ‘একজন তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। আজ সে আমাদের এমন এক শূন্যতা দিয়ে গেল, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।’
নিউভা এস্ত্রেয়াও সব ধরনের খেলা স্থগিত করে। ক্লাবটি লিখেছে, ‘আজ কোনো ম্যাচ বা ফলাফল গুরুত্বপূর্ণ নয়। আমাদের সম্মিলিত শোকই আজ আমাদের এক করেছে। আবেল সব সময় আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে।’
নুনেজের মৃত্যুতে শোক জানিয়েছে ভিলা লুগানোর ক্লাবটিও। তার প্রতিপক্ষ আর্জেন্টিনোস জুনিয়র্সের সঙ্গে নির্ধারিত ম্যাচও স্থগিত করা হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি