
নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে কীভাবে ফুসফুসের সর্বনাশ হচ্ছে সে বিষয়ে গবেষণা করছেন যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়। গবেষণায় বলে হয়েছে কোভিড-১৯ ভাইরাস সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। কী উপায়ে ফুসফুসের ওপর কবজা এবং ক্ষতিসাধন হচ্ছে তার খোঁজ দিয়েছেন তাঁরা। গবেষকদের আশা, কোভিডের চিকিৎসায় সাহায্য করবে গবেষণালব্ধ ফল।
মলিকিউলার জার্নাল নামক গবেষণা পত্রে প্রকাশিত রিপোর্ট বলছে, নমুনায় উপস্থিত অণুগুলির চরিত্র বুঝতে ‘মাস স্পেক্ট্রোমেট্রি’ প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, ফুসুফুসের কোষে উপস্থিত প্রোটিন এবং অণুগুলির পথ বদলে যায় সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণে।
গবেষকরা বলছেন, কোষের মধ্যে প্রোটিনের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ‘ফসফোরিলেশন’ নামক প্রোটিনের এক দশা। সুস্থ কোষের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং তার ফসফোরিলেশন দেখতে পাওয়া যায়। কিন্তু সার্স-কোভ-২ আক্রমণ করলেই ঘটে বদল। ফুসফুসের কোষে প্রচুর পরিমাণে ফসফোরিলেশন ঘটতে থাকে ফলে প্রোটিনের পরিমাণে অস্বাভাবিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের সুবাদেই প্রচুর পরিমাণে নিজেদের সংখ্যা বাড়িয়ে দেয় ভাইরাসটি এবং ক্রমে কোষগুলিকে ধ্বংস করা শুরু করে।
গবেষকরা জানিয়েছেন, ইতিমধ্যেই অন্য রোগে ব্যবহৃত ১৮টি অনুমোদিত ওষুধ রয়েছে যা কোভিড-১৯ চিকিৎসাতেও ব্যবহার করা যেতে পারে। ওষুধগুলি কতটা শক্তিশালী তা জানতে অবশ্য গবেষণার প্রয়োজন রয়েছে বলে জানানো হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]