
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আওয়ামী লীগের দলীয় মনোয়ন পেয়েছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শাহজাহান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে শাহজাহানকে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগ নেতাদের ভাষ্যমতে, শাহজাহান রাজনৈতিক মেধাদীপ্ত প্রবীণ নেতা। জেলা পরিষদের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়ে নির্দেশনা অনুযায়ী জনগণের ভাগ্যোন্নয়নে তিনি কাজ করেছেন। করোনাকালীন জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে দলের দুঃসময়ে নেতাকর্মীদের আগলে রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে নেতাকর্মীদের মাঝে তুলে ধরেছেন। নেতৃত্ব আর দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করেছেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ত্যাগ ও পরিশ্রমের ফল হিসেবে ফের তাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।
জানা গেছে, শাহজাহান জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ও রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে ২০১৭ সালে উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।
প্রসঙ্গত, ১৭ অক্টোবর লক্ষ্মীপুরসহ দেশের ৬১ জেলা পরিষদের নির্বাচন ইভিএমে হওয়ার কথা রয়েছে। চেয়ারম্যান পদে লক্ষ্মীপুরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা মনোনয়ন চেয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]