লক্ষ্মীপুরে প্রথমবার ব্রকলি চাষে সফল কৃষক হারুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এই প্রথমবারের মতো মাঠে চাষ হলো ক্যান্সার প্রতিরোধক সবজি ব্রকলি। এই সবজি চাষে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ফুলকপির মতো দেখতে গাঢ় সবুজ রঙের এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ।
জানা যায়, প্রথমবারের মতো কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়নের লরেন্স গ্রামের ৮ শতক জমিতে এসএসিপি এর উচ্চ মূল্যের ফসল (সবজি) উৎপাদন প্রদর্শনী ‘ব্রকলি’ শীতকালীন এই সবজি চাষ করেছেন কৃষক হারুন। গত নভেম্বর মাসের প্রথম দিকে ব্রকলির বীজ রোপন করা হয়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ৩মাসেই ভালো ফলন হয়। তবে পুষ্টি সমৃদ্ধ হওয়া সত্বেও এই সবজিতে এখনো অভ্যস্ত নয় এলাকার মানুষ। তাই তো বিক্রি নিয়ে চিন্তায় পড়েছেন কৃষক মোঃ হারুন।
কৃষক মোঃ হারুন জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় চারা, সার, বীজ ও পরামর্শ পেয়ে আমি ব্রকলি চাষ করতে পেরেছি। ফুল কপির থেকে বেশি দামে প্রতি কেজি বিক্রি করতে পারবো। এতে আমার দেখাদেখি অনেকে ব্রকলি চাষ করতে আগ্রহী হয়ে উঠছে বলে আমার বিশ্বাস।
তিনি জানান, ব্রকলি চাষে পরিমিত সার ও কীটনাশক ব্যবহার করলেই চলে। কীটনাশক ব্যবহারে ভালো ফলাফল পাওয়া যায়। কৃষি অফিসার মাঠে এসে খোঁজ-খবর নেন।
এছাড়াও জানা যায়, ব্রকলির পুষ্টিগুণ প্রচুর। গবেষকরা ব্রকলিকে বলছেন আল্টিমেট ক্যান্সার ফুড। প্রতিদিন ব্রকলি খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। ভিটামিন ‘কে’, ভিটামিন ‘সি’, ফলিক অ্যাসিড, পটাশিয়াম ও ফাইবারে পরিপূর্ণ। ব্রকলি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ব্রকলির মধ্যে রয়েছে সালফোরাফেন। যা ক্যান্সার রুখতে সাহায্য করে। লো ক্যালরির এই সবজি হার্ট ভালো রাখতেও সাহায্য করে।
কৃষক হারুন বলেন, ‘আমি প্রথমবারের মতো ব্রকলি চাষ করেছি। এটা দেখতে ফুলকপির মতো হলেও ফুলগুলো সাদার পরিবর্তে পাতার রংয়ের মতো গাঢ় সবুজ।’
উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ বলেন, ব্রকলির চাষ অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে বীজতলায় বীজ বপন করতে হয়। পরে নভেম্বরের মাঝামাঝি সময় মূল ক্ষেতে রোপন করা হয়। ৭৫ থেকে ৮৫ দিনের মধ্যে এতে ফুল আসে। এটি এ অঞ্চলের মানুষের মধ্যে এখনো তেমন জনপ্রিয়তা পায়নি। ব্রকলির অনেক পুষ্টি ও ওষুধিগুণ রয়েছে। এগুলো জানতে পারলে ভোক্তাদের মাঝে আগ্রহ সৃষ্টি হবে।’ কৃষিতথ্য সার্ভিসের মাধ্যমে এই সব সবজির পুষ্টিগুণ সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো সম্ভব। মেধা-বিকাশ, চোখের দৃষ্টি, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তের সঞ্চালন বৃদ্ধিসহ মানবদেহের স্বাভাবিক পুষ্টি বজায় রাখার পাশাপাশি ব্রকলি অর্থনৈতিক লাভজনক ফসল। এটি চাষ করার জন্য স্থানীয় কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মার্কেটিং কর্মকর্তা মোঃ মনির হোসেন বলেন, এই উপজেলায় প্রথমবারের মতো গ্রীণ ক্রাউন জাতের ব্রকলি উপযোগিতা যাচাইয়ের জন্য চাষ শুরু করা হয়েছে। কৃষক হারুনের পরিশ্রমে ব্রকলি চাষ করে ভালো ফলন পাওয়া গেছে। আশা করি কৃষক হারুনকে দেখে অন্যকৃষকরাও এ সবজি চাষে ঝুঁকবে। আমরা মার্কেটিং বিভাগ তার ফসল বাজারজাত করছে সহযোগিতা করছি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি