লে-অফ ঘোষণা করা গার্মেন্টস মালিক ৫ হাজার কোটি টাকা প্রণোদনা প্যাকেজ থেকে ঋণ পাবে না

বাংলাপ্রেস ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছেন লে-অফ ঘোষণা করা শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীর মজুরি পরিশোধে সরকারের ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে কোনো সহায়তা পাবে না।
এ ছাড়া প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এসএমইর জন্য গঠিত ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ থেকে চলতি মূলধন বাবদ ঋণ নিতে পারবে, যা দিয়ে তারা শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে পারবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গতকাল রোববার বাংলাদেশ ব্যাংককে এক চিঠিতে এই মতামত দিয়েছে। এতে আরও বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান ৮০ শতাংশের বেশি পণ্য সরাসরি রপ্তানি করে, তাদের ঋণপত্র বা এলসি পরীক্ষা সাপেক্ষে শুধু শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে ৫ হাজার কোটি টাকার তহবিল থেকে ঋণ নিতে পারবে।
সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা ঘোষণার পরও পোশাকশিল্পের মালিকেরা গণহারে কারখানা লে-অফ ঘোষণা করতে শুরু করেন। এতে যেসব শ্রমিকের চাকরির বয়স এক বছরের কম, তাঁরা লে-অফ কালীন কোনো মজুরি পাবেন না। অন্যরা কেবল মূল মজুরির অর্ধেক ও বাড়ি ভাড়া পাবেন। অন্য কোনো ভাতা পাবেন না। বর্তমান পরিস্থিতিতে কারখানা লে-অফ ঠেকাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। পরে ৫ এপ্রিল অর্থনীতিতে করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় নতুন আরও চারটি প্যাকেজে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি