ক্যালিফোর্নিয়ার স্টকটনে পারিবারিক অনুষ্ঠানে গুলিতে নিহত ৪, আহত ১০
নোমান সাবিত: ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে এক পারিবারিক অনুষ্ঠানে ভয়াবহ বন্দুক হামলায় ৪ জন নিহত হয়েছে এবং আরও ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
সান জোয়াকিন কাউন্টি শেরিফের দফতর জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে এ হামলার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এটিকে লক্ষ্য করে করা হামলা বলে মনে করা হচ্ছে। জেলা অ্যাটর্নি রন ফ্রেইতাস জানিয়েছেন, হামলাকারী এখনও পলাতক।
অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায়, নিহত ও আহতদের মধ্যে প্রাপ্তবয়স্কের পাশাপাশি শিশুও আছে। স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শহরের লুসাইল অ্যাভিনিউর ১৯০০ ব্লকের কাছে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।
তিনি ফেসবুকে লিখেছেন, 'একটি জন্মদিনের অনুষ্ঠান কখনোই এমন জায়গা হওয়া উচিত নয়, যেখানে পরিবারগুলো নিজেদের জীবনের জন্য আতঙ্কে ভুগবে।'
হামলাকারী সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তারা প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার বিষয়ে তথ্য দিতে আহ্বান জানিয়েছে।
স্টকটনের মেয়র ক্রিস্টিনা ফুগাজি বলেন, 'পরিবারগুলোর একসঙ্গে থাকার কথা, হাসপাতালে গিয়ে প্রিয়জনের বেঁচে থাকার প্রার্থনা করার নয়।'
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ঘটনাটি সম্পর্কে ব্রিফিং পেয়েছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে গভর্নরের কার্যালয় জানায়।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি