
বাংলাপ্রেস ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. জাহিদ মালেক বলেছেন, কোভিড নিয়ন্ত্রণে সফলতার উদাহরণ বাংলাদেশ। এখন যে সংক্রমণ কমে গেছে, এটা ধরে রাখতে হবে। সব হাসপাতালে বর্তমানে অক্সিজেন সাপোর্ট রয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা একটা বড় কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত ৭ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়ার টার্গেট সরকারের রয়েছে। এখন পর্যন্ত ৩০ ভাগ মানুষকে টিকা দেওয়া হয়েছে।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে বিশ্বের পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন বিশ্বের ৯০টা দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পরে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এজন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার।
সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য ডিসি ও সিভিল সার্জনদের স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে বলেও এ সময় জানান জাহিদ মালেক।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]