কক্সবাজারে করোনা আক্রান্ত নারী রোগী শনাক্ত
কক্সবাজার থেকে সংবাদদাতা : কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার এ নারী গত ১৩ই মার্চ সৌদি আরব থেকে দেশে এসেছেন।
ষাটোর্ধ্ব ওই নারীকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রামের বিশেষ হাসাপাতালে পাঠানো হচ্ছে। একই সঙ্গে এ নারীর গ্রামের বাড়ি ও তার আশে-পাশে এলাকায় লকডাউন করা হয়েছে। ওই নারী সৌদি আরব থেকে এসে চট্টগ্রামের যে বাড়িটিতে ছিলেন ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।
মঙ্গলবার (২৪শে মার্চ) দুপুরে, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই নারী কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়েছিলো। মঙ্গলবার সকালে এ রিপোর্ট হাতে পাওয়া গেছে। রিপোর্ট পাওয়ার পর পরই এ নারীকে চিকিৎসা প্রদানকারী চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, কক্সবাজার শহর জুড়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হচ্ছে।
কামাল বলেন, কক্সবাজারের সদর, রামু, উখিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলায় সেনাবাহিনীর ৯টি টিম থাকবে। এছাড়া টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ায় কাজ করবে নৌ-বাহিনীর সদস্যরা।
মূলত হোম কোয়ারেন্টিন নিদের্শ মান্য করা, গণপরিবহণ সীমিত করার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে জানান জেলা প্রশাসক।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি