কিশোরীর কোমরে শিকল বেঁধে সড়কে হাঁটানোর ঘটনায় গ্রেপ্তার ৩
বাংলাপ্রেস ডেস্ক: সিলেট নগরীতে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- নগরের শাহজালাল উপশহর এলাকার সি-ব্লকের মো. জাকির হোসেন (৪৩) ও মো. মোজাক্কির হোসেন (৪০) ও একই এলাকার মো. বুরহান উদ্দিন (৪৫)। সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে তাদের আটক করা হয়।
ভিডিওতে দেখা যায়, শিকল বাঁধা অবস্থায় ওই কিশোরীকে টেনে নিয়ে যাচ্ছেন এক যুবক এবং কিশোরীটি অঝোরে কাঁদছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৭টার দিকে সিলেট নগরীর উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়রা ওই কিশোরীকে আটক করেন। এরপর তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে মধ্যরাতে সড়কে হাঁটোনো হয়।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুরি সংক্রান্ত অভিযোগের কারণে পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে কিশোরীকে শিকলে বেঁধে ঘোরানোর ভিডিওটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণে ৬.৩২ কোটি টাকা আত্মসাতের সত্যতা পেল দুদক
সঙ্গীত একাডেমি