
রাকিবুল হাসান রাকিব, খোলাহাটি (পার্বতীপুর) থেকে: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার 'খোলাহাটি তরুণ সমাজ'-এর নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। ৩০ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সেলিম আল দ্বীন রিয়াদকে সভাপতি এবং হাসান শাহরিয়ার সৌরভকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত রবিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় খোলাহাটির স্টুডেন্ট কেয়ার হোমসে অনুষ্ঠিত ইফতার মাহফিলে নতুন কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়।
ইফতার মাহফিল ও নতুন কমিটির নাম ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও খোলাহাটি তরুণ সমাজ-এর উপদেষ্টা মোফাখখারুল ইসলাম ফারুক, সমাজসেবক মুহসীন আলী রয়েল, প্রভাষক শাহিনুর রহমান এবং পার্বতীপুর ছাত্রলীগের সভাপতি মোতালেব নিরব পন্টিং।
নব নির্বাচিত প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আল দ্বীন রিয়াদ বলেন, দেখতে দেখতে আমাদের প্রতিষ্ঠান খোলাহাটি তরুণ সমাজ দুই বছর পেরিয়ে গেছে। বিগত দুই বছর পথ পরিক্রমণ করতে গিয়ে বহু সংকট মোকাবেলা করেছে খোলাহাটি তরুণ সমাজ। সংকটের ভেতর থেকেও প্রতিবছর সংগঠনটি রচনা করেছে বিজয়ের মহাকাব্য। আমরা সংগঠনটি গড়ে তুলেছিলাম মুলতঃ খেলাধুলাকে উপজীব্য করে। কিন্তু সৃজনশীল তরুণদের সমন্বয়ে গড়ে উঠা সংগঠনটি কেবল খেলাধুলায় আটকে থাকেনি। আমরা শিক্ষা সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, গাছের চারা বিতরণ, দরিদ্র পরিবারকে বিবাহ সহায়তাসহ বহু জনকল্যাণমূলক কাজ করেছি। ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এলাকায় সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। এলাকার গুণীজনরা আমাদের অনুষ্ঠানে এসে অনুষ্ঠানের মান ও সৌন্দর্য দেখে ভূয়সী প্রশংসা করেছেন। একই সাথে এলাকাবাসীও সহায়তা করেছেন। ফলে খোলাহাটি তরুণ সমাজ এখন জনগনের সংগঠনে রূপ নিয়েছে। প্রতিষ্ঠাকালে হয়তো আমরা এত বড় করে স্বপ্ন দেখিনি। কিন্তু পথ চলতে চলতে আমাদের স্বপ্ন বড় হতে শুরু করে। আজ সেই স্বপ্নের পথ ধরে খোলাহাটি তরুণ সমাজ এখন এলাকায় প্রতিনিধিত্বশীল সংগঠন হয়ে উঠেছে। এই সংগঠন জনকল্যাণে নিবেদিত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সংগঠন।
খোলাহাটি তরুণ সমাজ এর কমিটি প্রকাশের মাধ্যমে খোলাহাটি তরুণ সমাজ আরেকধাপ এগিয়ে গেল। সংগঠনটি বেঁচে থাকলে আমরাও এই সংগঠনের ভালো কাজগুলোর মধ্যেই বেঁচে থাকব। প্রত্যাশা করি খোলাহাটি তরুণ সমাজ আরো সমৃদ্ধ ও ভবিষ্যৎ অগ্রযাত্রা আরো গতিময় হোক। কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]