
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন গণসংগীত শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ফকির আলমগীর। ফকির আলমগীরের ছোট ভাই ফকির সিরাজ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার বেলা ১১টায় খিলগাঁওয়ের পল্লীমা সংসদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখানকার মাটির মসজিদে বাদ যোহর দ্বিতীয় জানাজা শেষে খিলগাঁও তালতলা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে।
এদিকে ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর রাজীব জানিয়েছেন, আজ শনিবার সকাল ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ প্রাঙ্গনে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁর লাশ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে এক ঘণ্টা রাখার পর খিলগাঁও মাটির মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা ও গার্ড অব অনার শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত প্রখ্যাত গণসংগীতশিল্পী ফকির আলমগীর (৭১) শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। সবশেষ শুক্রবার রাত ১০টার দিকে কোভিড ইউনিটে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]