৪ মে ২০২৬

খালেদার মুক্তিতে জোরাল কর্মসূচি: ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
খালেদার মুক্তিতে জোরাল কর্মসূচি: ফখরুল
বাংলাপ্রেস অনলাইন : নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জোরাল কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাচ্ছে বিএনপি। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে একথা জানালেও কী ধরনের কর্মসূচি আসছে, তা স্পষ্ট করেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নির্দলীয় সরকারের দাবির সঙ্গে এখন দলীয় চেয়ারপারসনের মুক্তির শর্তও যোগ করেছে বিএনপি, সংলাপের আহ্বানও সরকারকে জানিয়ে আসছে তারা। তবে বিএনপির কোনো দাবিতে গা করছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলে আসছে। ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। প্রতিদিনই কর্মসূচি চলছে। আবারো কর্মসূচি আসছে এবং জোরাল কর্মসূচি আসছে।” জোরাল কর্মসূচি কী হতে পারে এবং কখন থেকে- সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, “সময়মতো ঠিক সময়ে জোরাল কর্মসূচি দেখতে পাবেন। কেমন কর্মসূচি আসছে, ঠিক সময়ে দেখতে পারবেন।” আগামী ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে। দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি আসন্ন নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনও অনিশ্চিত। নির্বাচন নিয়ে বিএনপির কর্মকৌশল কী হবে- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “আমরা স্পষ্ট করে বলছি, আমাদের নেত্রীকে মুক্তি দিতে হবে। এটা হচেছ আমাদের প্রথম শর্ত। “তারপর বলেছি যে, নির্বাচন করতে হলে পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং সব দলকে সমান সুযোগ দিতে হবে। একই সঙ্গে নির্বাচনের সময়ে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।” আওয়ামী লীগ নেতারা বলছেন, খালেদার মুক্তি পুরোপুরি আদালতের এখতিয়ার, এতে সরকারের কিছু করার নেই। আর সংবিধানে নির্দলীয় সরকার পদ্ধতি এখন নেই বলে তা আনার সুযোগও নেই। সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ইসি সুপারিশ করলে সরকার তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। এই অবস্থায় বিএনপির কাছে নির্বাচনের চ্যালেঞ্জ কোনটি- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “চ্যালেঞ্জ তো আওয়ামী লীগের। তাদের চ্যালেঞ্জ হচ্ছে, দেশের মানুষ তাদেরকে ভোট দেবে না। এজন্য যত রকমের দুষ্টামী আছে সব রকমের দুষ্টামী শুরু করেছে। ইভিএম আনবে না কি? আমরা বলেছি, ইভিএম চলবে না। আমরা আরও শুনতে পাচ্ছি, পুলিশকে বলা হচ্ছে সমস্ত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হবে। “নির্বাচন যদি করতে চান সবাইকে মুক্ত করে নির্বাচন করেন। চ্যালেঞ্জ হচ্ছে তাদের তারা জনগণকে ঠেকাতে পারবে কি না? কিভাবে ঠেকাবে? সেই চ্যালেঞ্জ মোকাবেলা তারা করুক।” সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা দেখেছেন, কয়েকটি ঘটনায় মধ্য দিয়ে তারা ফুঁসে উঠেছে। “দেশের মানুষ এই অন্যায়-অত্যাচার মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবেই এবং পরাজিত হবেই এই অপশক্তি।” বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি