খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কোনো সদুত্তর দেননি প্রধানমন্ত্রী : মির্জা ফখরুল ইসলাম

বাংলাপ্রেস অনলাইন: গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে সংলাপ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই সংলাপ হয়। সংলাপে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয় তুলে ধরে তাঁর মুক্তির দাবি জানান। কিন্তু সে বিষয়ে কোনো সদুত্তর দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংলাপ শেষে ঐক্যফ্রন্টের আহবাহক ড. কামাল হোসেনের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, আমরা দীর্ঘ সময় আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছি৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয় তুলে ধরে তাঁর মুক্তির দাবিও করেছি৷ কিন্তু সে বিষয়ে আমরা সেখানে কোনো সদুত্তর পাইনি। বিএনপির মহাসচিব বলেন, সংসদ ভেঙে দেওয়াসহ আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু সেখানে কোনো সুনির্দিষ্ট কোনো সমাধান পাইনি। প্রধানমন্ত্রী বলেছেন, এসব বিষয় নিয়ে আরো আলোচনা হবে। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আমরা তফসিল পেছানোর কথা বলেছি, কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি), সরকার নয়। এটি ইসির এখতিয়ার, তারাই সিদ্ধান্ত নিবে।
সংলাপে বিএনপি সন্তুষ্ট কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমি আপনাদের আগেও বলেছি সংলাপে যেসব আলোচনা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট নই৷ ঐক্যফ্রন্ট নিয়ে ফখরুল বলেন, আমাদের ঐক্যফ্রন্টের যে কর্মসূচি চলছে, সেগুলো আছে থাকবে এবং চলবে।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি