জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক : হুমায়ুন কবির
বাংলাপ্রেস ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ শেষে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এবারের জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের নতুন সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করেছে।
তিনি বলেন, বিভিন্ন সভা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়া আন্তর্জাতিক নেতারা বাংলাদেশের নতুন গণতান্ত্রিক অভিযাত্রার প্রতি সমর্থন প্রকাশ করেছেন।
হুমায়ুন কবির জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মোট ৩০টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার পাশাপাশি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য দেন। এছাড়া ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক ও ইরানের রাষ্ট্রপতি, মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি এবং ভুটান, পাকিস্তান, থাইল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত, ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, বোয়িং গ্লোবালের প্রধান নির্বাহী এবং ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক যোগাযোগ, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গণভবনের পেছনের মাঠে মিলল বিপুল বিস্ফোরক, এলাকা ঘিরে রেখেছে এসআরবি
চাহিদা অনুযায়ী বোয়িং কিনেছি, কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির
ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের
সঙ্গীত একাডেমি