জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
বাংলাপ্রেস ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় একটি বহুতল শপিং মলের অংশ ধসে পড়েছে। এতে বহু মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে দমকল বিভাগ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোটো শহরের ‘ইয়ন মল’। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জাতীয় পুলিশ সংস্থার বরাতে জানিয়েছে, মলটির ২০ থেকে ৩০ জন কর্মীর সঙ্গে এখনো যোগাযোগ করা যাচ্ছে না। তারা ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারী দল কাজ করছে। ভবনের একটি অংশ ধসে পড়ার আগে কর্মীরা দ্রুত ক্রেতাদের নিরাপদে বাইরে সরিয়ে নিতে সক্ষম হন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, ভূমিকম্পে ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামো ও ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
তিনি বলেন, কুমামোটোর গভর্নরের আবেদনের পর উদ্ধার অভিযানে আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) ৩ হাজার ৬০০ সদস্য মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কিউশু দ্বীপের ভূখণ্ডের অভ্যন্তরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর কেন্দ্রস্থলের কারণে শক্তিশালী পরাঘাতের আশঙ্কা প্রকাশ করেছে জাপান আবহাওয়া সংস্থা। ইতোমধ্যে ১ থেকে ৬ মাত্রার তীব্রতার অন্তত ৬১টি পরাঘাত রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পের পর দেড় লাখের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং সড়ক যোগাযোগও ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোয় একটি ফুটব্রিজ ধসে পড়লেও পাশের সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, উৎপত্তিস্থল থেকে কয়েকশ মাইল দূরের টোকিওর হানেদা বিমানবন্দরেও এর প্রভাব পড়েছে। অন্তত ৪০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় যাত্রীদের ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর জারি করা সংক্ষিপ্ত সুনামি সতর্কতা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, উৎপত্তিস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত সেন্দাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ রয়েছে এবং এর কার্যক্রম স্বাভাবিক আছে। সূত্র- দ্যা গার্ডিয়ান।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে সরিয়ে নিলো নেদারল্যান্ডস
পাকিস্তানে আটক ভারতের সেই পাইলট যুদ্ধবিমান ছেড়ে চালাবেন যাত্রীবাহী বিমান
সঙ্গীত একাডেমি