
বাংলাপ্রেস ডেস্ক: দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে নিজ এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ দিয়েছেন গণফোরাম থেকে নির্বাচিত সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
রবিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। তার নির্বাচিত এলাকা ওসমানীনগর উপজেলার ইউএনও তাহমিনা আক্তারের বিরুদ্ধেই লিখিত অভিযোগ জমা দেন দুদক চেয়ারম্যানের কাছে। সিলেটের ওসমানীনগরের উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে জমি অধিগ্রহণের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ।
অভিযোগে বলা হয়, ওসমানীনগরে একটি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। উপজেলা হেড কোয়ার্টারে বিনা মূল্যে জমি দানে আগ্রহী ব্যক্তি থাকলেও, ইউএনও তাহমিনাসহ একটি প্রভাবশালী চক্র গোপনে প্রত্যন্ত অঞ্চলে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করে।
দুদকে অভিযোগ জমা দেয়ার পর সংসদ সদস্য মোকাব্বির দাবি করেন, বিপুল পরিমাণ সরকারি অর্থ হাতিয়ে নিতেই জমি অধিগ্রহণ শুরু করেন ইউএনও তাহমিনা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]