ইরানে গ্রেপ্তার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদি
কৌশলী ইমা: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে শুক্রবার ইরানের মাশহাদ শহরে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মারধর করে গ্রেপ্তার করা হয়েছে। পরিবারের সদস্যদের বরাতে এ খবর জানা গেছে।
ওসলো থেকে টাইম–কে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাই হামিদ রেজা মোহাম্মদি বলেন, যদি তারা তাকে ক্ষতি করার সিদ্ধান্ত নেয়, তাহলে এর কোনো ইতিবাচক পরিণতি আমি দেখছি না। আমার সবচেয়ে বড় উদ্বেগ তার স্বাস্থ্যের অবস্থা।
৫৩ বছর বয়সী মোহাম্মদি গত এক বছর ধরে ইরানের একটি কারাগার থেকে চিকিৎসাজনিত কারণে সাময়িক মুক্তিতে ছিলেন। এই সময়ে তিনি আবারও সক্রিয়ভাবে সেই আন্দোলনে যুক্ত হন, যার জন্য নোবেল কমিটি তাকে ২০২৩ সালের শান্তি পুরস্কারে ভূষিত করে। তিনি সাক্ষাৎকার ও ছোট পরিসরের আলোচনায় নারীর অধিকার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গত সপ্তাহে টাইম–এ লেখা এক প্রবন্ধে যেমন উল্লেখ করেন ইরানের দমনমূলক শাসনব্যবস্থা থেকে শান্তিপূর্ণভাবে একটি নির্বাচনী গণতন্ত্রে রূপান্তরের পক্ষে কথা বলেন। শুক্রবারই ছিল সাময়িক মুক্তির পর প্রথমবার, যখন তিনি প্রকাশ্যে কোনো জনসমাবেশে বক্তব্য রাখছিলেন।
মোহাম্মদি তেহরানে নিজের বাসা থেকে ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে যান মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভায় অংশ নিতে। চলতি মাসের শুরুতে আলিকোর্দিকে মৃত অবস্থায় পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্মরণসভা শেষে তিনি একটি গাড়ির ওপর দাঁড়িয়ে মসজিদের বাইরে জড়ো হওয়া শোকাহত মানুষের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি