ইরানে ৬০ লাখ লিটার চোরাই ডিজেলসহ ট্যাঙ্কার জব্দ
বাংলাপ্রেস ডেস্ক: ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ওমান সাগরের উপকূল থেকে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী ট্যাঙ্কার জব্দ করেছে। দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের প্রধান বিচারপতি মোজতবা গাহরেমান শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ইরানের সার্বভৌম জলসীমার মধ্যে ওমান সাগরে জাস্কের কাছে বিদেশি জাহাজটি আটক করা হয়েছে। জ্বালানি চোরাচালানকারী চক্র ও পাচারকারীদের বিরুদ্ধে লড়াই প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, ওমান সাগরে ইরানের সমুদ্রসীমায় সন্দেহজনক জ্বালানি চোরাচালানের চলমান গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে জাহাজটি আটক করা হয়।
মোজতবা গাহরেমান আরও বলেন, বিচারিক অনুমোদন পাওয়ার পর এনফোর্সমেন্ট কর্মকর্তারা জাস্কের পশ্চিমে একটি বিদেশি জ্বালানি তেল ট্যাঙ্কার পরিদর্শন করেন। সামুদ্রিক নিয়ম লঙ্ঘন এবং কার্গো-সংক্রান্ত আইনি নথিপত্রের ঘাটতির কারণে জাহাজটি জব্দ করা হয়।
বিচারপতি বলেছেন, ৬০ লাখ লিটার চোরাই জ্বালানি পরিবহনের অভিযোগে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে। এই কার্গো প্রায় ২০০টি ছোট জাহাজ এবং দুই হাজার নিসান পিকআপ ট্রাকের ধারণক্ষমতার সমান।
তিনি আরও বলেন, ট্যাঙ্কারে যাত্রার সঙ্গে সম্পর্কিত বৈধ সামুদ্রিক নথিপত্র এবং জ্বালানি কার্গোর জন্য কোনো বিল অব লোডিং ছিল না। জাহাজটি এর সব নেভিগেশন ও নেভিগেশন সহায়ক ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল।
গাহরেমান আরও জানান, সুসংগঠিত জ্বালানি চোরাচালান ছাড়াও ট্যাঙ্কারটি অনেক নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্যে ছিল থামার নির্দেশ উপেক্ষা করে পালানোর চেষ্টা, রাডার বন্ধ, জব্দ করার সময় জাহাজের সরঞ্জামগুলো ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত করা।
এনফোর্সমেন্ট কর্মকর্তাদের প্রতিবেদনের পর জাস্ক কাউন্টির পাবলিক অ্যান্ড রেভলিউশনারি প্রসিকিউটর অফিসে মামলা নথিভুক্ত হয়েছে। অভিযোগগুলোর বিচারিক কার্যক্রম চলছে।
একজন কর্মকর্তা জানান, তদন্ত শেষ করার পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। ট্যাঙ্কারের ক্যাপ্টেন ও ক্রুদের নজরদারিতে রাখা হয়েছে। ১৮ জন ক্রুর সবাই ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নাগরিক। তবে কোন দেশের কতজন নাগরিক তা স্পষ্ট করা হয়নি। এই বিচার কার্যক্রমের ফলাফল যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ইরনা ও ফার্সনিউজ।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি