ইলিশ পাঠানোর দিনেই বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত

বাংলাপ্রেস ডেস্ক : ভারত পেঁয়াজ রপ্তানির খরচ বাড়িয়ে দেয়ায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশের বাজারে বেশ অস্থিরতা চলছে। ৩৫-৪০ টাকা থেকে এক লাফে ৭০-৮০ টাকায় উঠেছে প্রতি কেজি পেঁয়াজ। এ অবস্থায় ভারত পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নীতি সংশোধন করে পেঁয়াজকে নিষিদ্ধ পণ্যের তালিকায় ঢুকিয়েছে।
অন্যদিকে পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিরেক্টরেট অব ফরেন ট্রেড। এর আগে ভারত গত ১৩ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানিতে ন্যূনতম মূল্য টনপ্রতি ৮৫০ ডলারে বেঁধে দেয়। যে কারণে বাংলাদেশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ টাকা বেড়ে যায়। কয়েক ধাপে সেটি বেড়ে ৮০-৭০ টাকায়ও বিক্রি হচ্ছে বর্তমানে।
এই মুহূর্তে ভারতের পেঁয়াজ না এলে দাম আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় তিন দফা বৈঠক করেছে। সর্বশেষ বৈঠকে আমদানিকারকেরা জানিয়েছেন, মিসর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির প্রক্রিয়া চলছে। যদিও সেটি খুব দ্রুত সম্ভব হবে বলে মনে হচ্ছে না।
দেশে প্রতি বছর চাহিদার ৬০-৭০ শতাংশ পেঁয়াজ উৎপাদন হয় বলে ধারণা ব্যবসায়ীদের। বাকিটা বেশিরভাগ আসে ভারত থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) হিসাবে, ২০১৮-১৯ অর্থবছরে দেশে ২৩ লাখ ৩০ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, আমদানি হয়েছে প্রায় ১০ লাখ ৯২ হাজার টন। তবে ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের খবর এখনো ব্যবসায়ীদের কাছে পৌঁছায়নি বলে জানা যায়। বর্তমানে দেশি পেঁয়াজ পাইকারি ৬০-৬২ টাকায়, ভারতীয় পেঁয়াজ ৫৫-৫৮ টাকা ও মিয়ানমারের পেঁয়াজ ৫৪-৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে পুজা উপলক্ষ্যে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালান পাঠিয়েছে বাংলাদেশ। বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম ধাপে ২৪ মেট্রিক টন ইলিশ পাঠানো হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশের সব চালান রপ্তানির নির্দেশনা রয়েছে।
প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রপ্তানি করা হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়াচ্ছে ৫০০ টাকা কেজি। ভারত এবং বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্ক মুক্ত সুবিধায় ছাড় করা হবে ইলিশের এ চালান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি