১১ নভেম্বর ২০২৬

হিরো-ছায়েদুরের বিও খুলে দিল বিএসইসি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
হিরো-ছায়েদুরের বিও খুলে দিল বিএসইসি

বাংলাপ্রেস ডেস্ক: একের পর এক শেয়ার কারসাজির দায়ে অভিযুক্ত সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের হিরো ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের ৭৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার) অ্যাকাউন্ট শর্ত সাপেক্ষে ’আন-ফ্রিজ’ বা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সাথে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সাবেক সভাপতি ও ইস্টার্ন ব্যাংক সিকিউরিটিজের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ১৬টি বিও অ্যাকাউন্টগুলোর ওপর থেকেও ফ্রিজ আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ৩ নভেম্বর কমিশন সভায় শর্ত সাপেক্ষে কিছু বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার আগের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিল বিএসইসি। তবে অধিকতর যাচাই-বাছাই শেষে মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভার শুধু এ দুইজনের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিএসইসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতের আদেশে শেয়ারবাজারের মোট ৭৪৮টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এর মধ্যে আবুল খায়ের হিরো এবং ছায়েদুর রহমানের বিও অ্যাকাউন্টগুলোও ছিল। তাদের অ্যাকাউন্টগুলো আন-ফ্রিজ করার পরও অন্যদের ৬৫৫টি বিও অ্যাকাউন্ট ফ্রিজ আছে।

ছায়েদুর রহমানের বিরুদ্ধে শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনে জালিয়াতি ও অনিয়মে সহযোগিতার বহু অভিযোগ রয়েছে। ২০১০ সালের পর আইপিওতে আসা এমন বেশ কিছু কোম্পানি তালিকাভুক্ত কয়েক বছরের মধ্যে বন্ধ হয়েছে। অন্যদিকে আবুল খায়ের হিরো সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও বেআইনীভাবে ও লাগাতার শেয়ার কারসাজি করে শত শত কোটি টাকার মালিক বনেছেন।

বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম পদে থাকা অবস্থায় শেয়ার কারসাজিতে হিরোকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দিয়েছিলেন এবং সুবিধা নিয়েছেন বলে অভিযোগ আছে। শিবলী রুবাইয়াত ইসলামের মধ্যস্ততায় বিশ্বখ্যাত আলোচিত-সমালোচিত ক্রিকেটার সাকিব আল হাসান এই আবুল খায়ের হিরোর সাথে শেয়ার ব্যবসায় নামেন। এ নিয়ে সমকালে ২০২২ সালের নভেম্বরের থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক দীর্ঘ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়।

কেন তাদের অ্যাকাউন্ট খোলা হলো
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সূত্রে জানা গেছে, ছায়েদুর রহমানসহ কয়েকজন তাদের বিও অ্যাকাউন্ট ফ্রিজ করার এখতিয়ার নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। পাশাপাশি অ্যাকাউন্টগুলো খুলে দিতেও আবেদন করেন। অ্যাকাউন্টধারীদের বাইরে মার্জিন ঋণ প্রদানকারী ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলোও বিএসইসির কাছে আবেদন করে জানায়- ফ্রিজ করার বহু অ্যাকাউন্টের শেয়ার কেনায় মার্জিন ঋণ দিয়েছে প্রতিষ্ঠানগুলো।

আনফ্রিজ থাকা অবস্থায় শেয়ারের দাম কমে যাওয়ার পরও মার্জিন সমন্বয়ে তারা শেয়ার বিক্রি করতে পারছে না। এতে এসব অ্যাকাউন্টগুলোতে যে মূলধন ঘাটতি (নেগেটিব ইক্যুইটি) অবস্থা সৃষ্টি হচ্ছে, তাতে প্রতিষ্ঠানগুলো নতুন করে লোকসানের ঝুঁকিতে পড়ার শঙ্কায় আছে। ব্রোকারেজ হাউসগুলোর এ আবেদনে সুপারিশ করে চিঠি দিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। কমিশন কর্মকর্তারা জানান, সার্বিক বিবেচনায় উল্লেখিত দুইজনের বিও অ্যাকাউন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

আনফ্রিজ হলেও শর্ত আছে
আন-ফ্রিজ করার ফলে হিরো এবং ছায়েদুর রহমান তাদের বিও অ্যাকাউন্টগুলোতে শেয়ার কেনাবেচা করতে পারবেন। তবে এসব বিও অ্যাকাউন্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্লক মার্কেটে কোনো শেয়ার কেনাবেচায় নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ তাদের কেবল পাবলিক মার্কেটেই শেয়ার কেনাবেচা করতে হবে।

কমিশন আরও শর্ত দিয়েছে, শেয়ার কেনাবেচা করতে পারলেও নিজেদের অ্যাকাউন্ট থেকে শেয়ার বিক্রির কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না। লিংক অ্যাকাউন্ট করে অন্য কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকেও শেয়ার স্থানান্তর করতে পারবেন না। অবশ্য যেসব ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক এসব অ্যাকাউন্টে মার্জিন ঋণ দিয়েছে, শেয়ারের দাম কমার ফলে কেবল বকেয়া মার্জিন ঋণ ও অর্জিত সুদ সমন্বয়ের স্বার্থে শেয়ার বিক্রির সুযোগ ও অর্থ হস্তান্তর করতে পারবে।

যাদের অ্যাকাউন্ট এখনও ফ্রিজ
হিরো ও ছায়েদুরের অ্যাকাউন্ট শিথিল করা হলেও তালিকায় থাকা অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির বিও অ্যাকাউন্ট আনফ্রিজ করা হয়নি। ফ্রিজ হয়ে থাকা প্রবাভশালীদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সাবেক ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান, যাঁদের বিও অ্যাকাউন্ট বিএফআইইউর আদেশে ২০২৪ সালের ২১ নভেম্বর ফ্রিজ করা হয়।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিও অ্যাকাউন্ট বিএসইসির নির্দেশনায় ২০২৪ সালের ২৯ আগস্ট ও ১ সেপ্টেম্বর ফ্রিজ করা হয়েছিল। এছাড়া সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের অ্যাকাউন্টও একই আদেশে ফ্রিজ করা হয়।
নিয়ন্ত্রণকারী সংস্থার তালিকায় আরও রয়েছেন বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, যাঁদের বিও অ্যাকাউন্ট ২০২৪ সালের ২১ ও ২২ আগস্ট ফ্রিজ করা হয়েছিল। একইভাবে নাসা গ্রুপের প্রধান মো. নজরুল ইসলাম মজুমদার এবং এস আলম গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল আলমের বিও অ্যাকাউন্টও আগস্টে ফ্রিজ করা হয়।
ব্যক্তিগত অ্যাকাউন্টের পাশাপাশি একাধিক বড় প্রতিষ্ঠানের বিও অ্যাকাউন্টও স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের অ্যাকাউন্ট ২০২৪ সালের ১০ নভেম্বর বিএসইসির আদেশে এবং সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্ট ২০২৫ সালের ৯ এপ্রিল আদালতের আদেশে ফ্রিজ রাখা হয়েছে।
অন্যদের অ্যাকাউন্ট খুলে না দেওয়ার কারণ ব্যাখ্যা করে সংস্থাটি জানায়, এসব প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচার, দুর্নীতি ও ব্যাংকিং খাতের অনিয়ম নিয়ে দুদক, বিএফআইইউ ও আদালতে তদন্ত ও মামলা চলমান রয়েছে। আইনি বাধ্যবাধকতা, আদালতের স্থগিতাদেশ এবং মামলা নিষ্পত্তি না হওয়ায় কমিশন এসব অ্যাকাউন্ট এখনো ফ্রিজ অবস্থায় রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি