
বাংলাপ্রেস ডেস্ক: শোনা যাচ্ছিল এবারের মন্ত্রিসভায় চমক থাকবে। হেভিওয়েট অনেক মন্ত্রীকে বাদ দিয়ে নতুনদের ওপর আস্থা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু নতুন মন্ত্রিসভা গঠনে নয় বলা চলে নতুন বছরে নতুনদের নিয়ে এ এক দারুণ চমকই দেখালেন চতুর্থবারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার, যেখানে মন্ত্রিসভায় থাকা সিনিয়র মন্ত্রীদের অধিকাংশই বাদ পড়েছেন। এর বদলে নবীনদের ওপরই বেশি আস্থা রেখেছেন টানা তিনবার ক্ষমতায় আসা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঠাঁই মিলেছে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়া কয়েকজন তরুণ নেতারও।
নতুন মন্ত্রিসভায় যারা থাকবেন তাদের এরই মধ্যে ফোন করে জানাতে শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিসভায় কারা থাকছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম রোববার বিকেল সাড়ে ৪টায় তা সংবাদ সম্মেলনে জানান।
সিনিয়র মন্ত্রীদের মধ্যে যারা বাদ পড়েছেন:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পাট ও বস্ত্রমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক, পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মৎস্যমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। মন্ত্রীদের মধ্যে টেকনোক্রাট দুই মন্ত্রী নুরুল ইসলাম ও মতিউর রহমান ভোটের আগেই পদত্যাগ করেন।

বাদ পড়লেন যেসব প্রতিমন্ত্রী:
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু), বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বাদ পড়েছেন দুই উপমন্ত্রীও। এরা হলেন পরিবেশ মন্ত্রণালয়ের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আরিফ খান জয়।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]